নিউজ ডেস্ক:
বিশ্বকাপটা এখন পর্যন্ত দারুণ কাটছে স্বাগতিক ভারতের জন্য। প্রথম পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় পেয়েছে রোহিত শর্মার দল। তবে এখনো এমন দুইটি দল আছে যাদের বিপক্ষে ভারত বিপদে পড়তে পারে বলে জানিয়েছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
এবারের বিশ্বকাপে প্রথম পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনালের দৌড়ে অনেকটা এগিয়ে গেছে ভারত। তবে এখনো তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেনি। এই দলটি সৌরভের চোখে ভারতের একটি বিপদ। পাশাপাশি অস্ট্রেলিয়াও আরেকটি দল হিসেবে ভারতের বিশ্বকাপ জয়ে বাধা হতে পারে বলে মনে করেন তিনি।
ইডেনে বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচ চলাকালীন সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ভারতের সব থেকে বড় দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ওরা খুব ভালো ক্রিকেট খেলছে। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাও খুব ভালো ছন্দে আছে।’
তবে একটি দলের খেলা দেখে হতাশ সৌরভ। সেটি হলো ইংল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়নদের খেলা অবাক করেছে তাকে। সৌরভ বলেন, ‘কোনো দিন ভাবিনি ইংল্যান্ড এ রকম খেলবে। তবে এটাই ক্রিকেট। আগে থেকে কিছু বলা যায় না।’
রোহিতদের সবার আগে সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে খেলার পরামর্শ দিয়েছেন সৌরভ। তিনি বলেন, ‘এখনই বিশ্বকাপ জেতার কথা ভাবলে চলবে না। আগে সেমিফাইনালে ওঠার লক্ষ্যে এগোতে হবে। তারপরে চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবতে হবে।’
Leave a Reply