ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৬

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৬

ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরাইলের বেইত শেমেশ শহরে অন্তত ছয়জন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ওই শহরে রোববার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স।

টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে জরুরি চিকিৎসা সেবা সংস্থার মুখপাত্র জাকি হেলার বলেন, ‘বেইত শেমেশে সরাসরি আঘাতে চারজন নিহত হয়েছেন।’ তবে রয়টার্সের প্রতিবেদনে নিহতের সংখ্যা অন্তত ছয়জন বলে উল্লেখ করা হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসক দল এবং হতাহতদের সরিয়ে নিতে একটি হেলিকপ্টার কাজ করছে।

এদিকে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি জানিয়েছেন, সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যেখানে হাজার হাজার ব্রিটিশ সেনা অবস্থান করছে। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা মনে করি না যে এগুলো সাইপ্রাসকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে এটি স্পষ্ট উদাহরণ যে, পুরো অঞ্চলে ব্যাপকভাবে প্রতিক্রিয়া দেখানো একটি শাসনব্যবস্থা থেকে বাস্তব এবং ক্রমবর্ধমান হুমকি তৈরি হয়েছে এবং আমাদের সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।’

তিনি আরও জানান, শনিবার ইরানের হামলা বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের কয়েকশ গজ দূরত্বে আঘাত হানে।

এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, পূর্ব রিয়াদের বাসিন্দারা একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং আকাশে ধোঁয়া উড়তে দেখেছেন।

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান হামলা-পাল্টা হামলার প্রেক্ষাপটে আঞ্চলিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme