বেশি দেরি হওয়ার আগেই গুরুত্ব দিন, ট্রাম্পের হুঁশিয়ারি

বেশি দেরি হওয়ার আগেই গুরুত্ব দিন, ট্রাম্পের হুঁশিয়ারি

পুরনো ছবি

ইরানকে যুদ্ধ বন্ধের আলোচনায় ফিরতে আবারও কড়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।

ট্রাম্প সতর্ক করে বলেন, ‘খুব দেরি হওয়ার আগেই’ তেহরানকে আলোচনার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে।

পোস্টে ট্রাম্প বলেন, ‘বেশি দেরি হয়ে যাওয়ার আগেই বিষয়টি (আলোচনা) গুরুত্বের সঙ্গে নিতে হবে তাদের (ইরান)। কারণ একবার এটি ঘটলে, ফেরার কোনো পথ নেই এবং এটি ভালো দেখাবে না!’

নিজের পোস্টে ইরানের প্রতিনিধিদের ‘অদ্ভুত’ ও ‘ভিন্ন প্রকৃতির’ বলে অভিহিত করে তিনি দাবি করেন, ইরান ‘সামরিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেখান থেকে ফেরার কোনো সুযোগ নেই’।

ট্রাম্পের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এল, যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌপ্রধান আলিরেজা তাংসিরিকে ইসরায়েল হত্যা করেছে বলে দাবি উঠেছে।

তিনি আরও উল্লেখ করেন, ইরান একটি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ‘মিনতি’ করছে, যদিও প্রকাশ্যে তারা বলছে যে কেবল প্রস্তাবগুলো ‘বিবেচনা’ করে দেখছে। ট্রাম্প সরাসরি এই দাবিকে ‘ভুল’ বলে আখ্যায়িত করে বলেন, একবার সময় পার হয়ে গেলে আর ফিরে আসার পথ থাকবে না এবং সেই পরিস্থিতি মোটেও সুখকর হবে না।

এর আগে গত বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে জানিয়েছিলেন, আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ বা আলোচনার কোনো ইচ্ছা তেহরানের নেই। তিনি উল্লেখ করেন, বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের মাধ্যমে কিছু বার্তা আদান-প্রদান হলেও সেগুলোকে কোনোভাবেই প্রথাগত আলোচনা বা কূটনৈতিক সংলাপ বলা চলে না। তবে ট্রাম্পের সর্বশেষ এই আক্রমণাত্মক বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে এক নতুন মাত্রায় নিয়ে গেল বলে মনে করছেন বিশ্লেষকরা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme