ইসরায়েলের উসকানি বন্ধের দাবি এরদোয়ানের

ইসরায়েলের উসকানি বন্ধের দাবি এরদোয়ানের

আঞ্চলিক সহযোগিতা জোরদার, প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং ন্যাটো মিত্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করতে কাজ চালিয়ে যাবে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এমনটি জানিয়েছেন। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেছেন। বিশেষ করে ইসরায়েলের উসকানি বন্ধে আবারও আওয়াজ তুলেছেন তিনি।

কাজাখস্তান সফর শেষে শুক্রবার দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান এসব বলেন। পরে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে তার বক্তব্য তুলে ধরা হয়। তিনি বলেন, প্রথমে ইসরায়েলের উসকানি বন্ধ করতে হবে, এরপরই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

তিনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানের ওপর হামলার প্রসঙ্গ টেনে বলেন, ইসরায়েলের অবিরাম উসকানি চলমান আঞ্চলিক সংকটের অন্যতম প্রধান কারণ। তার অভিযোগ, তেল আবিব নিজেদের স্বার্থে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত বিস্তারের চেষ্টা করছে।

এরদোয়ান বলেন, বর্তমান অস্থিরতা যাতে আরও জটিল সংকটে রূপ না নেয়, সে জন্য তুরস্ক সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক সমস্যার সমাধান আঞ্চলিক দেশগুলোকেই করতে হবে।

তার ভাষায়, যদি দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা চাই, তাহলে সবাইকে স্বল্পমেয়াদি রাজনৈতিক হিসাব বাদ দিতে হবে। দেশগুলোর উচিত নিজেদের জনগণের স্বার্থ রক্ষা করা, বাইরের শক্তির স্বার্থ নয়।

মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য উত্তেজনা বৃদ্ধি ও স্বল্পমেয়াদি রাজনৈতিক কৌশল বন্ধ করারও আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme