নিউজ ডেস্ক:
দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অবিরত ছোটাছুটির অভ্যাস নতুন কিছুই না। মঙ্গলবার সকালে নির্বাচনী এলাকা মাগুরায় গিয়েছিলেন সাকিব, এরপর সন্ধ্যায় ঢাকায় ফেরেন তিনি। সেখান থেকে রাতেই তার যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার কথা ছিল।
এর আগে, বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং করার সময়ে বাঁ-হাতের আঙুলে চোট পেয়েছিলেন সাকিব। যে কারণে বিশ্বমঞ্চে বাংলাদেশের শেষ ম্যাচে দেখা মিলেনি বিশ্বসেরা এই অলরাউন্ডারের।
গত কয়েকদিনে ব্যান্ডেজ পরা আঙুল নিয়েই নির্বাচনী কার্যক্রমে সাকিবকে দেখা গেছে। তবে রাজনৈতিক ব্যস্ততা থাকলেও আরও বছর দেড়েক আন্তর্জাতিক ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
ধারণা করা হচ্ছে, চোট সারিয়ে আগামী জানুয়ারিতে বিপিএল দিয়ে মাঠে ফিরতে পারেন সাকিব।
আঙুলের উন্নত চিকিৎসায় শুরুর দিকে সিঙ্গাপুরে যাওয়ার কথা থাকলেও আমেরিকাতেই যাচ্ছেন সাকিব। মঙ্গলবারই মার্কিন মুলুকে পাড়ি দেওয়ার কথা ছিল তার। তবে সেখানে গিয়েছেন কিনা, সেটা এখনও নিশ্চিত করতে পারেননি বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরি।
তিনি (দেবাশীষ) বলছিলেন, সাকিব চলে গেছে কি না, সেটা জানি না। তার যেমন ইনজুরি, এটা ৪ থেকে ৬ সপ্তাহ সময় নেয়। ওর (সাকিব) চার সপ্তাহ হয়েছে, আরও ২ সপ্তাহ লাগবে। এরপর রিহ্যাব করবে, তারপর বোলিং করবে। তারপর গিয়ে স্কিল ট্রেনিং করবে।
সাকিব আবার কবে মাঠে ফিরবেন, এমন প্রশ্নে বিসিবি চিকিৎসকের মন্তব্য, ফ্র্যাকচার জোড়া লাগতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় নিবে। এরপর ট্রেনিং আর কি। আরও কিছু সময় লাগবে। এ সময় আঙুলে ব্যান্ডেজ থাকবে। এখন কখন ফিরবে, এটা সাকিবের কনফিডেন্সের ব্যাপার, যেহেতু বোলিং ফিঙ্গার।
Leave a Reply