খেলাধুলা ডেস্ক
দুইদিন পরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। ঘরোয়া টুর্নামেন্টের সবচেয়ে বড় এই আসরকে সামনে রেখে শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত অংশগ্রহণকারী দলগুলো।
আইসিসির সঙ্গে মিল রেখে আগামী ১৯ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টের নিয়ম-কানুনেও বেশ কিছু পরিবর্তন এসেছে। এমনটাই জানিয়েছেন টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রকিবুল হাসান।
তার (রকিবুল) দাবি, বিপিএলে এবার মিরপুরের উইকেটে ১৮০ থেকে ২০০ রানের ম্যাচ হবে। টুর্নামেন্টটির প্লেয়িং কন্ডিশনেও কিছু পরিবর্তন আসছে।
রকিবুলের ভাষ্যমতে, বোলিং পরিবর্তনে ৬০ সেকেন্ডের বেশি সময় নিলে ফিল্ডিং দলকে প্রথমবার সতর্ক করা হবে। দ্বিতীয়বার একই ভুল করলে পেনাল্টি হিসেবে পাবে ৫ রান ব্যাটিং দল। বিপিএলের আগের আসরে এই নিয়ম ছিল না।
এদিকে এবারের আসরে স্ট্যাম্পিং রিভিউতে আম্পায়ার নো বল চেক করবেন না। অন্যদিকে টাইমড আউটের পরিবর্তে ৫ রানের পেনাল্টি থাকবে। বিদেশি কোটা পূরণ না হলে দলগুলো ম্যাচ রেফারির কাছে আবেদন করতে পারবে।
অন্যদিকে তীব্র শীত আর কুয়াশায় হোম অব ক্রিকেটও ঝিমিয়ে আছে। তাই এবার উইকেট নিয়ে আগে থেকেই তোড়জোড় শুরু হয়েছিল। এ নিয়ে কিউরেটর ও ভেন্যু ম্যানেজারদের নির্দেশনা দিয়েছিল টেকনিক্যাল কমিটি। যে কারণে টেকনিক্যাল কমিটির আহ্বায়কের প্রত্যাশা, ঢাকাতে এবার রানের ফুলঝুরি ছুটবে।
Leave a Reply