বিএনপি আর টিআইবির ভাষা মিলে গেছে : পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি আর টিআইবির ভাষা মিলে গেছে : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক


ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ভাষা আর টিআইবির ভাষা মিলে গেছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, টিআইবি সব সময় বলে গবেষণালব্ধ রিপোর্ট। কিন্তু প্রকৃতপক্ষে টিআইবি বেশিরভাগ ক্ষেত্রে কোনো গবেষণা না করেই কিছু শ্যালো বিষয়, কিছু পত্রিকার রিপোর্ট আর তড়িঘড়ি করে কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রেস ব্রিফিং করে। গতকালেরটি আমার কাছে সে রকমই মনে হয়েছে। দেশে প্রকৃতপক্ষে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের প্রশংসা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা পর্যবেক্ষক, ইউরোপীয় ইউনিয়ন থেকে আসা পর্যবেক্ষক, ওআইসি, সার্ক ও কমনওয়েলথভুক্ত দেশ থেকে যারা এসেছিলেন।

তিনি আরও বলেন, নির্বাচনের পর সবাই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। বিভিন্ন দেশ নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছে। পৃথিবীর শক্তিধর দেশ থেকে শুরু করে বিভিন্ন দেশ নতুন সরকারের সঙ্গে কাজ করার এবং সম্পর্ক আরও দৃঢ় করার অভিপ্রায় ব্যক্ত করেছে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। টিআইবির রিপোর্ট আসলে কারও পক্ষের হয়ে দেওয়া কি না, সে প্রশ্ন অনেকে রেখেছেন। কারণ বিএনপির ভাষা আর টিআইবির ভাষা মিলে গেছে। রিজভী (রুহুল কবির রিজভী) প্রতিদিন সংবাদ সম্মেলন করে যে কথাগুলো বলেন সেগুলোকে একটু পরিশীলিতভাবে টিআইবি পরিবেশন করেছে বলেই প্রতীয়মান হচ্ছে।

তিনি বলেন, বিএনপিসহ যারা নির্বাচন বর্জন করেছে, প্রতিহত করতে চেয়েছে, প্রতিহত করার অপচেষ্টা চালিয়েছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এখনও প্রয়াস চালাচ্ছেন তাদের মুখে অস্ত্র তুলে দেওয়ার জন্য এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে বলে অনেকে বলছে। যেভাবে নির্বাচন কমিশন কঠোরভাবে ও সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করেছে, সেটির বিন্দুমাত্র প্রশংসা টিআইবির রিপোর্টে নেই।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme