নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশের পর এবার সরকারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ, তাই ভাষা সাহিত্যসহ সব কিছুকে স্মার্ট করতে হবে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অনেকে ডিজিটাল ফরমেটে বই পড়ে। ভাষা সাহিত্যকে এগিয়ে নিতে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, তবেই আমরা এগিয়ে যাবো। এসময় তিনি প্রকাশনায় ডিজিটাল ও অডিও মাধ্যম সংযোজনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, অনুবাদকে সমৃদ্ধ করতে হবে। ছোটবেলা থেকেই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে হবে। অনেক আন্দোলনের সূতিকাগার হচ্ছে বাংলা একাডেমি। আগামীতে বইমেলা বড় জায়গায় কিভাবে আয়োজন করা যায়, তা ভাবার প্রয়োজন আছে।
স্কুল জীবন থেকে বই মেলায় আসতাম উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে বইমেলায় এসে মজা নেই। নিরাপত্তার বেড়াজালে স্বাধীনতা হারিয়ে গেছে।
এর আগে ২০২৩ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। সাহিত্য বিষয়ে অবদানের জন্য ১১টি ক্যাটাগরিতে ১৬ জনকে বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার দেয়া হয়।
Leave a Reply