নিউজ ডেস্ক:
দেশের প্রতি জেলায় ব্যাটালিয়ন চায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। এ ছাড়া স্মার্ট আনসার গঠনে কেন্দ্রীয় ওয়্যারলেস সিস্টেমের জন্য আইসিটি ব্যাটালিয়নসহ বাহিনীতে দ্বিতীয় গ্রেডের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) ও তৃতীয় গ্রেডের উপমহাপরিচালক (ডিডিজি) পদ সৃষ্টির দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের।
এর আগে জেলাতে আনসারের পঞ্চম গ্রেডের কর্মকর্তা (পরিচালক) এবং সহকারী পরিচালক (এডি) পদ সৃষ্টিসহ আবাসন ও যানবাহন সমস্যাও তুলে ধরা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে।
একটি সূত্রে জানা যায়, এবারের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একগুচ্ছ দাবি তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে, প্রতি জেলায় আনসার ব্যাটালিয়ন গঠন, এডিজি ও ডিডিজি পদ সৃষ্টিসহ দুটি নারী ব্যাটালিয়ন এবং একটি একটি গার্ড ব্যাটালিয়ন গঠন। এ ছাড়া খিলগাঁও আনসার সদরদপ্তর ও গাজীপুর আনসার একাডেমির জন্য পৃথক সাপোর্ট ব্যাটালিয়ন চায় বাহিনীটি। সার্কেল অ্যাডজুট্যান্ট পদটি ৯ম গ্রেডে ও উপজেলা প্রশিক্ষক পদ ১২তম গ্রেডে উন্নতি করা এবং ৬০০ হিল আনসার ও ৪৩৯ জন বিশেষ আনসার সদস্যের চাকরি স্থায়ীকরণ দাবিও থাকছে এ তালিকায়। পাশাপাশি পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির বিষয়টিও উঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে।
আনসার বাহিনীর ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, বর্তমানে ৪২টি আনসার ব্যাটালিয়ন ও একটি আনসার গার্ড ব্যাটালিয়ন রয়েছে। এর মধ্যে দুটি নারী আনসার ব্যাটালিয়নও আছে। তবে এখনও ৪১টি জেলায় কোনো আনসার ব্যাটালিয়ন নেই। আবার অনেক জেলায় একাধিক ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে। সবচেয়ে বেশি আনসার ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে পার্তব্য বিভাগ চট্টগ্রামে, ১৯টি। এদিকে ময়মনসিংহে কোনো ব্যাটালিয়নই নেই। এছাড়া রাজশাহী, সিলেট ও বরিশালে একটি করে, কুমিল্লা ২টি, রংপুর ৩টি, খুলনা ৪টি ও ঢাকায় ৯টি আনসার ব্যাটালিয়ন রয়েছে। এর মধ্যে দুটি নারী ও একটি গার্ড ব্যাটালিয়ন।
Leave a Reply