নিউজ ডেস্ক:
চলতি মাসের প্রথম ২৩ দিনে দেশে এসেছে ১৬৪ কোটি ৬১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ১৬ লাখ ডলার রেমিট্যান্স, যা গত জানুয়ারির প্রথম ২৩ দিনের চেয়ে বেশি।
রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ফেব্রুয়ারির প্রথম ২৩ দিনে দেশে এসেছে ১৬৪ কোটি ৬১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত জানুয়ারির প্রথম ২৩ দিনে এসেছিল প্রায় ১৫৬ কোটি ১৭ লাখ মার্কিন ডলার (দৈনিক ৬ কোটি ৭৯ লাখ ডলার)।
ফেব্রুয়ারিতে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ৫৫ লাখ ২০ হাজার ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৩০ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪০ কোটি ৪০ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৪ লাখ ৮০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ফেব্রুয়ারির ১৭ থেকে ২৩ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৪৯ কোটি ৬১ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। ১০ থেকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৫১ কোটি ৮২ লাখ ১০ হাজার ডলার। ফেব্রুয়ারির ৩ থেকে ৯ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৫৬ কোটি ৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এ ছাড়া ১ থেকে ২ ফেব্রুয়ারি দেশে এসেছে ৭ কোটি ১১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
Leave a Reply