২০২০ সালে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে ডাকাতির পর মুকুল হোসেন নামে এক অটোরিকশাচালককে হত্যার দায়ে পাঁচ ডাকাতকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ বি এম আশফাক-উল হক এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন–ডাকাত দল নেতা সোহেল ওরফে জুয়েল, শাহিন হাওলাদার, সুমন ওরফে আল আমিন, কবির ও ফেরদৌস ওরফে বারেক। মুকুল হোসেনকে হত্যার ঘটনায় ২০২০ সালের জুনে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা দায়ের করেন তার ছোট ভাই আবু হানিফ।
মামলার বিবরণে বলা হয়, ২০২০ সালের ২৭ জুন কেরাণীগঞ্জের আটি পাঁচদানা করিম হাজী গ্রামের বাড়ি থেকে দুপুর আড়াইটার দিকে বের হয়েছিলেন মুকুল। সেদিন রাত হয়ে গেলেও বাসায় ফেরেননি তিনি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এরপর রাত দেড়টার দিকে অটোরিকশার মালিক মুকুলের পরিবারকে ফোন করে জানায়, মুকুল যে অটোরিকশা চালাতেন সেটি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার একটি গ্যারেজে পড়ে আছে। সেই গ্যারেজে সাড়ে ৫ হাজার টাকা দিয়ে রিকশাটি নিয়ে আসে মুকুলের পরিবার। তবে মুকুলকে তারা খুঁজে পাননি।
পরদিন সকাল সাড়ে ৭টার দিকে কেরাণীগঞ্জের কোনাখোলা-রাজবাড়ীগামী রাস্তার বার্তা ব্রিজ এলাকায় মুকুলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এরপর মুকুলের ছোট ভাই আবু হানিফ মামলা করেন।
Leave a Reply