বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী বছরের ১৫ মার্চ থেকে ৩১ মে অনুষ্ঠিত হবে আইপিএলের ১৯তম আসর। আসন্ন আসরকে সামনে রেখে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে মিনি নিলাম।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই ও জেদ্দার পর আসছে আইপিএলের পরবর্তী নিলামও হতে পারে ভারতের বাইরে। ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম আয়োজনের জন্য মধ্যপ্রাচ্যের একটি দেশকে ভাবছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড (বিসিসিআই)।
সবচেয়ে সম্ভাব্য স্থান হিসেবে এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। তবে ওমান বা কাতারেও নিলামটি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আয়োজকরা মূলত ভারতে নিলাম করতে চাইলেও উপযুক্ত ভেন্যু ও সময় নির্ধারণে সমস্যায় পড়ায় সিদ্ধান্ত বদলাতে পারে তারা।
নিলামটি ভারতেই আয়োজন করতে আগ্রহী ছিল বিসিসিআই। তবে নির্ধারিত সময় দেশের উৎসব ও বিয়ের মৌসুমের সঙ্গে মিলে যাওয়ায় চাহিদামতো ভেন্যু খুঁজতে সমস্যায় পড়ছে তারা। যদিও ফ্র্যাঞ্চাইজিগুলোকে এখনো আনুষ্ঠানিকভাবে নিলামের শহরের নাম জানানো হয়নি।
ক্রিকবাজ জানিয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিলামের তারিখ ও ভেন্যু আনুষ্ঠানিকভাবে জানাবে বিসিসিআই। ওইদিনই ফ্র্যাঞ্চাইজিগুলো কোন খেলোয়াড়দের রেখে দেবে আর কাকে ছেড়ে দেবে, সেই তালিকা জমা দেওয়ার সময়সীমাও শেষ হবে।
এদিকে ফ্র্যাঞ্চাইজি পর্যায়ে এখন রিটেনশন–রিলিজ নিয়ে আলোচনা তুঙ্গে। এর মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে নিয়ে। রাজস্থান রয়্যালসের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে তিনি দল ছাড়তে পারেন।
আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা উল্লেখযোগ্য না হলেও আইপিএলে তার মূল্য এখনো অনেক, এবং একাধিক দলই তাকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে। রাজস্থানের কর্ণধার মানোজ বাদালে শিগগিরই মুম্বাইয়ে রিটেইন তালিকা নিয়ে বৈঠক করবেন।
গুঞ্জন রয়েছে, শ্রীলঙ্কান দুই স্পিনার মাহিশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছেড়ে দিতে পারে রাজস্থান। তবে রাহুল দ্রাবিড়ের জায়গায় প্রধান কোচের দায়িত্ব নেয়া কুমার সাঙ্গাকারা থাকার কারণে তাদের মধ্যে একজনকে রেখে দেওয়ার সম্ভাবনাও আছে।
অন্যদিকে, ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামিকে ছাড়তে অনিচ্ছুক সানরাইজার্স হায়দরাবাদ। কয়েকটি দল তার জন্য ট্রেড প্রস্তাব দিলেও ফ্র্যাঞ্চাইজিটি তা নাকচ করেছে বলে জানা গেছে। এ ছাড়া উল্লেখযোগ্য সংখ্যক খেলোয়াড় ছাড়ার প্রস্তুতি নিচ্ছে চেন্নাই সুপার কিংস, লখনৌ সুপার জায়ান্টস এবং কলকাতা নাইট রাইডার্সও। কলকাতার ছাড়ার তালিকায় থাকতে পারেন ভেঙ্কেটেশ আইয়ার।
Leave a Reply