নিউজ ডেস্ক
একের পর এক ব্যাটারবান্ধব আইনের কারণে বোলারদের হাত-পা অনেকটাই বাঁধা। ক্রিকেটে বোলারদের যেন শুধু ব্যাটারদের হাতে মার খেয়ে ভূত হওয়ার জন্যই রাখা। বিশেষ করে টি-টোয়েন্টির ধুন্ধুমার ব্যাটিং প্রদর্শনীতে বোলাররা পরিণত হন বলির পাঁঠায়। তবে এবার কিছুটা হলেও পরিবর্তন আসতে পারে নিয়মে।
ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিয়মে আসছে পরিবর্তন। ব্যাটে-বলে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়াতে আইপিএলের ২০২৪ এর আসর থেকে ওভারে দুটি বাউন্সার বৈধ করা হচ্ছে। অর্থ্যাৎ এবারের আইপিএলে এক ওভারে সর্বোচ্চ দুটি পর্যন্ত বাউন্সার দিতে পারবে বোলাররা। আইপিলের আগে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে এই নিয়ম পরীক্ষামূলকভাবে কার্যকর করা হয়েছিল।
আইপিলের বেশ কয়েকটি আসরে খেলা ভারতীয় জাতীয় দলের পেসার জয়দেব উনাদকাট এই পরিবর্তনকে সাধুবাদ জানিয়েছেন। এবারের আইপিএলের নিলামে ৫০ লাখ ভিত্তি মূল্যের গ্রুপে থাকা উনাদকাট ক্রিকইনফোকে জানান, এই ছোট্ট পরিবর্তনটাই বিশাল প্রভাব ফেলতে যাচ্ছে।
উনাদকাট বলেন, ‘আমার মনে হয় এক ওভারে দুই বাউন্সার দেয়ার সুযোগ দারুণ কার্যকরি হতে পারে এবং আমার মনে হয় এটা এমন একটা ব্যাপার যা বোলারকে ব্যাটারের বিপক্ষে সুবিধা দেবে।’
এদিকে গতবার যে ‘ইমপ্যাক্ট’ খেলোয়াড়ের নিয়ম চালু করা হয়েছিল, তা এবারও রাখছে নীতিনির্ধারণী কমিটি। এই নিয়ম অনুযায়ী, মূল ১১ জন খেলোয়াড়ের বাইরেও আরও চারজন বদলি খেলোয়াড় রাখতে পারবে দলগুলো, যাদের মধ্যে যে কোনো একজনকে প্রয়োজনমতো ম্যাচের কোনো এক পর্যায়ে ব্যবহার করতে পারবে।
তবে একাদশে যদি চারজন বিদেশী খেলোয়াড়ের কোটা আগেই পূর্ণ করা হয়ে যায় তবে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে অবশ্যই ভারতীয় খেলোয়াড়কেই রাখতে হবে। গত আসরে এই নিয়ম অবশ্য খুব বেশি কার্যকারিতার প্রমাণ রাখতে পারেনি। এবার দেখা যাক বাউন্সারের নতুন নিয়ম কতটুকু প্রভাব রাখতে পারে।
Leave a Reply