বেশ কয়েকমাস নিষিদ্ধ থাকার পর কিছুদিন আগেই বল করার ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আর ছাড়পত্র পাওয়ার পরই নাকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে সেখানকার ৩টি ফ্রাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।
আজ শনিবার এমন দাবি করে কলকাতাভিত্তিক গণমাধ্যম সংবাদ প্রতিদিন। সাকিব যে তিনটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছেন সেগুলো হলো- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ। এই দলগুলোর স্পিন বিভাগ তত শক্তিশালী না হওয়ায় সাকিব তাদের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানায় সংবাদ প্রতিদিন।
যদিও সংবাদ প্রতিদিন জানিয়েছে, যেহেতু আজ থেকেই আইপিএল শুরু হচ্ছে, ফলে এখনই সাকিবের আইপিএলে ফেরার সম্ভাবনা কম। তবে টুর্নামেন্ট চলাকালীন যদি কেউ চোট পেয়ে ছিটকে যান বা নাম তুলে নেন, একমাত্র তবেই সাকিব সুযোগ পেতে পারেন। ফ্র্যাঞ্চাইজিগুলিকে সাকিব জানিয়ে দিয়েছেন, খেলার জন্য পুরোপুরি তৈরি তিনি।
গত বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে ম্যাচে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর ইসিবি যেকোনো পর্যায়ের ক্রিকেটে সাকিবের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়। পরে বার্মিংহামের অনতিদূরের লাফবোরোর ল্যাবেই প্রথম পরীক্ষা দেন সাকিব এবং অকৃতকার্য হন। এরপর চেন্নাইয়ে পরীক্ষাতেও দুঃসংবাদ পান তিনি।
গত ৯ মার্চ লাফবোরো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সাকিবের সর্বশেষ পরীক্ষাটি হয়েছে, তার ফলাফল কয়েকদিন আগেই পেয়েছেন। যেখানে সাকিব পরীক্ষায় মোট ২২টি ডেলিভারি দিয়েছেন, যার প্রায় সবই ত্রুটিমুক্ত।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি খেলে ওয়ানডে থেকে অবসর নিতে চেয়েছিলেন তিনি। তবে শুধু ব্যাটার হিসেবে তাকে দলে নিতে চায়নি বাংলাদেশ। তাছাড়া রাজনৈতিক পটপরিবর্তনের পর তার ফেরার সম্ভাবনা ক্ষীণ। টি-টোয়েন্টিতে ২০২৪ সালের বিশ্বকাপেই শেষ ম্যাচ খেলে ফেলেছিলেন বলে জানিয়েছিলেন তিনি। যদিও মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন তিনি। তবে দেশে ফিরতে পারেননি এই অলরাউন্ডার।
Leave a Reply