বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের সবচেয়ে বড় সফলতা হলো দেশের সমগ্র মানুষকে এক করতে পেরেছি। দেশের রাজনৈতিক চিন্তার মানুষ (ডান-বাম) সবাইকে আমরা এক করতে পেরেছি। এখন শুধু চূড়ান্ত বিজয়ের অপেক্ষা।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে দেশের রাজনীতি চরম সংকটে আছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে আমরা এখন সবচেয়ে খারাপ সময় পার করছি। এই সংকট ও শত প্রতিকূলতা সত্ত্বেও আমাদের দেশের মানুষ ও দল এবং আমরা যারা জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি, তারা মোকাবিলা করছি। এসবকে মোকাবিলা করেই সামনে এগিয়ে যেতে হবে।’
তিনি বলেন, ‘আজকে শুধু দেশে নয়, বাইরের যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারাও আমাদের চাওয়ার ব্যাপারে একমত। এটা নিঃসন্দেহে আমরা তারেক রহমানের নেতৃত্বে অর্জন করতে পেরেছি। এখন প্রয়োজন যারা দলের বাইরে থেকে কাজ করেন, তারা এই বোধটাকে সাধারণ মানুষের মাঝে দ্রুত ছড়িয়ে দিয়ে তাদের আরও ঐক্যবদ্ধ করতে চেষ্টা করবেন। তবে আমরা আশাবাদী। প্রতিদিনই আমাদের সমর্থক বাড়ছে। আগে কর্মসূচি করতে গেলে কর্মীদের বেশি সক্রিয় হতে হতো। এখন কিন্তু সাধারণ মানুষ আগে আসছেন। আমি মনে করি, যেসব নেতাকর্মী তাদের জীবন উৎসর্গ করেছেন, তার অবদান বৃথা যাবে না।’
Leave a Reply