এমপি আনারের আসন শূন্য হওয়া প্রসঙ্গে যা বললেন ইসি আলমগীর

এমপি আনারের আসন শূন্য হওয়া প্রসঙ্গে যা বললেন ইসি আলমগীর

নিউজ ডেস্ক:


কোনো এমপির স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যু হলে তার সংসদীয় আসনটি কীভাবে শূন্য ঘোষণা হবে, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি বলেছেন, মৃত্যুজনিত কারণে এমপির আসন শূন্য হবে এটি সংবিধানে আজ পর্যন্ত দেখিনি। তবে এটিই সাধারণত ধরে নেওয়া হয়। কারণ, একজন এমপি মারা গেলে উনার পক্ষে তো আর সংসদে উপস্থিত হওয়া সম্ভব হবে না। এজন্যই এটা এভাবে সংবিধানে বলা আছে।

সোমবার (৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইসি মো. আলমগীর বলেন, কেউ যদি মারা যান তবে ৯০ দিন কেন আর কোনো দিনই সংসদ ভবনে উপস্থিত হওয়া সম্ভব হবে না। এটি ধরে নিয়েই ৯০ দিনের কথা বলা আছে। একটিই কারণ, আসন যদি শূন্য হয় তবে আমরা সেখানে নির্বাচন করবো।

যেসব কারণে একটি সংসদীয় আসন শূন্য হতে পারে, তা ব্যাখ্যা করে এই নির্বাচন কমিশনার বলেন, অনেক কারণে আসন শূন্য হয়। সংবিধানে বলা আছে, কোনো মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হলে, স্বাধীনতাবিরোধী হলে বা ট্রাইব্যুনালে সাজা পেলে এমপি পদ থাকবে না। আদালত যদি অপ্রকৃতিস্থ ঘোষণা করে তাহলেও এমপি পদ থাকবে না। এছাড়া যদি পদত্যাগ করেন একাধিক ক্রমে সংসদে ৯০ দিন অনুপস্থিত থাকেন সংসদের অনুমতি না নিয়ে তবে সদস্যপদ থাকবে না। এছাড়া প্রথম যে অধিবেশন বসে তখন থেকে ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে এমপি পদ থাকবে না।

এমপি আনারের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এটা কিভাবে শূন্য ঘোষণা করা হবে। এখানে ইসির করণীয় কী? এ প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, এটা স্বাভাবিক মৃত্যু বা অপমৃত্যু যা-ই হোক না কেন, এর দায়িত্ব সংসদের। আনার সাহেবের মৃত্যুর বিষয়টি আমরা জানি না। স্পিকার যদি আসনটি শূন্য ঘোষণা করেন, করবেন। এরপর সেটা আমাদের কাছে পাঠালে আমরা নির্বাচন করবো।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme