কবে অবসর নেবেন, জানালেন ফরাসি তারকা

কবে অবসর নেবেন, জানালেন ফরাসি তারকা

নিউজ ডেস্ক


বয়স হয়ে গেছে ৩৭। এখনও তরুণদের সঙ্গে সমানতালে লড়ে যাচ্ছেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার অলিভিয়ার জিরু। আরও কিছুদিন দেশের হয়ে খেলা চালিয়ে যেতে চান তিনি। এবার অবসরের দিনক্ষণ জানিয়ে দিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার। আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে হতে যাওয়া ২০২৪ ইউরোতে চ্যাম্পিয়ন হয়ে অবসর নিতে চান জিরু। চ্যাম্পিয়ন না হলেও বুট জোড়া তুলে রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি।

ইউরোর পর কেন অবসর নেবেন, সেটিও পরিষ্কার করেছেন ২০১৮ সালের বিশ্বজয়ী এই ফুটবল তারকা। কারণ, নিজের ক্যারিয়ারে এখন পর্যন্ত ইউরো শিরোপা জিততে পারেননি ৩৭ বছর বয়সী এই ফরাসি ফুটবলার। ইউরোপের সেরার ট্রফি একবার ছুঁয়ে দেখতে চান এই স্ট্রাইকার।

জিরু বলেন, ‘আমি ইউরো শিরোপা মিস করছি। যদি আমরা এটি জিততে পারি, আমি খেলা থেকে অবসর নিয়ে নিব। যদি শেষ পর্যন্ত না জিততে পারি তবুও আমি অবসর নিব। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। আমি কিছু লোককে বলেছিলাম, যদি ২০২২ সালের বিশ্বকাপ জিততে পারতাম, তাহলেই আমি অবসর নিয়ে নিতাম। কিন্তু আমি দেশকে আরও শিরোপা জেতানোর জন্য মুখিয়ে আছি। আমার আশা এবং উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। যদি এটি ভাল হয় তবে এটি সম্ভব হতে পারে।’

গতকাল হামবুর্গে ইউরোর ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ে ‘ডি’ গ্রুপে পড়েছে ফ্রান্স। গ্রুপের বাকি তিন দলের দুটি হচ্ছে নেদারল্যান্ডস ও অস্ট্রিয়া। আর বাকি দলটি প্লে-অফে থেকে আসবে। নিজেদের গ্রুপ নিয়েও কথা বলেছেন জিরু।

তিনি বলেন, ‘নেদারল্যান্ডসকে আমরা খুব ভালো করেই চিনি। তাদের বিপক্ষে সব সময়ই ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আমরা গ্রুপ চূড়ান্তের অপেক্ষায় রয়েছি। কারণ ওয়েলস ও পোল্যান্ড সম্ভবত আমাদের সঙ্গী হতে পারে। তবে সম্ভবত সর্বশেষ ইউরোর চেয়ে একটু তুলনামূলক সহজ ড্র হয়েছে। অস্ট্রিয়ারও ভালো তরুণ খেলোয়াড় রয়েছে, যারা বড় ক্লাবে খেলছে। গ্রুপে আমাদের এগিয়ে যেতে হবে, কিন্তু এটা সহজ হবে না। বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতাই হবে।’

২০১১ সালের যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফ্রান্স দলের হয়ে অভিষেক হয় জিরুর। খেলেছেন দুটি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। ২০১৮ সালের বিশ্বজয়ী ফ্রান্স একাদশে খেলেছিলেন জিরু। এর পরের আসর কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষেও খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৫৬টি গোল করেছেন জিরু। বর্তমানে ইতালির ক্লাব এসি মিলানের হয়ে খেলছেন এই ফরাসি স্ট্রাইকার।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme