নিউজ ডেস্ক:
পবিত্র ঈদুল আযহা বা কুরবানির ঈদের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ অফিস বৃহস্পতিবার (১৩ জুন)। শুক্রবার (১৪ জুন) থেকে টানা পাঁচদিনের সরকারি ছুটি শুরু হচ্ছে। সাপ্তাহিক ও ঈদের ছুটি মিলিয়ে আগামী ১৮ জুন পর্যন্ত ছুটি পাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।
ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় এদিন স্বাভাবিক ছিল সচিবালয়। দিনের শুরু থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে দেখা গেছে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক। সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ অন্যসব মন্ত্রণালয়ে গিয়ে দেখা গেছে, অন্যান্য দিনের মতোই কাজ করছেন সব কর্মকর্তা-কর্মচারীরা। তাদের উপস্থিতি বেশ স্বাভাবিক।
এদিন সচিবালয়ের গাড়ি পার্কিংয়ের জায়গায়ও অন্যান্য দিনের মতো গাড়িতে পূর্ণ ছিল। ঈদের শেষ কর্মদিবস হওয়ার কারণে অনেক কর্মকর্তা-কর্মচারী তাদের সহকর্মীদের সঙ্গে অগ্রিম ঈদের শুভেচ্ছ বিনিময় করেন। আবার লিফট চালক এবং অফিসের বিভিন্ন কর্মচারীদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে বকশিশ নিতে দেখা গেছে। এছাড়া এক ও দুই নম্বর গেটের মাঝে অন্যান্য দিনের মতোই অভ্যর্থনা কক্ষে সচিবালয়ে প্রবেশে ভিড় দেখা গেছে মানুষের।
অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারীর গ্রামের বাড়ি দূর-দূরান্তে হওয়ার কারণে তাদের কেউ কেউ এদিন অফিস শেষ করেই শহর ছাড়বেন বলে জানা গেছে।
Leave a Reply