নিউজ ডেস্ক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কালো পতাকা কর্মসূচির নামে আবার সন্ত্রাসী কর্মকাণ্ডের জানান দিচ্ছে। দেশের স্বার্থে আওয়ামী লীগ কোনো অপশক্তিকে সহ্য করবে না।
আজ সোমবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘কালো পতাকা কর্মসূচির নামে আবার সন্ত্রাসী কর্মকাণ্ডের জানান দিচ্ছে বিএনপি।
তাদের কালো পতাকা মিছিলের কোনো অনুমতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেয়নি, তাই বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনী দেখবে। এই অপশক্তিকে আমরা প্রতিহত করব। এরা গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের শত্রু। বঙ্গবন্ধু হত্যার পর মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস গিলে ফেলে বিএনপি, তবে শেষ বিচারে তারা সফল হয়নি।
তিনি আরো বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা পাশাপাশি কর্মসূচি করেছি, কিন্তু ২৮ অক্টোবর বিএনপি প্রকাশ্যে পুলিশ হত্যা করেছে, প্রধান বিচারপতির বাসা, হাসপাতাল এবং সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে, যা দেশবাসী এখনো ভোলানি। আমরা আক্রান্ত হয়েও আক্রমণ করিনি, তবে দেশের স্বার্থে আমরা কোনো অপশক্তিকে সহ্য করব না।’
Leave a Reply