বছরের শুরুতেই সুখবর দিলেন ঢাকাই সিনেমার অন্যতম পরিচিত নায়ক কাজী মারুফ। জানালেন, চলতি মাসেই ভক্তদের নতুন উপহার দিতে চলেছেন তিনি।
সিনেমা জগতে অবশ্য তার নায়ক পরিচয়টি ছাড়াও আলাাদা একটি পরিচয় রয়েছে। আর তা হলো তিনি ঢাকাই ছবির প্রখ্যাত পরিচালক ও অভিনেতা কাজী হায়াতের ছেলে।
ঢালিউড সিনেমা জগতে মারুফ প্রশংসা পেয়েছিলেন ‘ইতিহাস’ সিনেমাটির মাধ্যমে। বর্তমানে ঢালিউডের সিনেমায় তার উপস্থিতি তেমন নেই। এর মূল কারণ, তিনি বর্তমানে সুদূর আমেরিকায় অবস্থান করছেন।
তবে প্রবাস জীবন কাটানোর পাশাপাশি একটি সিনেমা নির্মাণের কাজেও ব্যস্ত সময় পার করেছেন মারুফ। ‘গ্রিন কার্ড’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন।
ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে বাংলা ও হিন্দি ভাষায় নির্মিত এ সিনেমা প্রসঙ্গে মারুফ বলেন, আমেরিকাতেই সিনেমাটির পুরো দৃশ্যধারণ করা হয়েছে। এ সিনেমায় অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বেও ছিলেন মারুফ।
মারুফের ভাষায়, ঢালিউডে ‘গ্রিন কার্ড’-ই হবে প্রথম বাংলা সিনেমা, যার পুরোপুরি দৃশ্যধারণ আমেরিকায় করা হয়েছে। সব কিছু প্ল্যান মতো এগোলে চলতি মাসেই দেশে ফিরব। আর দেশে ফিরেই ‘গ্রিন কার্ড’ সিনেমা মুক্তির প্রস্তুতি শুরু করবো।
‘গ্রিন কার্ড’-এ নিজের লেখা চিত্রনাট্যে মারুফের সঙ্গে যৌথ পরিচালনার দায়িত্বে ছিলেন রওশান আরা নিপা। অনলাইনে বাবা কাজী হায়াতের সঙ্গে কথা বলেও একাধিক পরামর্শ নিয়েছেন মারুফ।
সিনেমায় তুলে ধরা হবে, যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাঙালিদের সংগ্রামী জীবন। দীর্ঘ বিরতির পর মারুফ রুপালি পর্দায় ফিরছেন বাংলাদেশি মডেল, ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার নুসরাত তিসাম ও নাজিদা সৈয়দকে সঙ্গে নিয়ে।
সিনেমায় আরও অভিনয় করেছেন, নওশীন, হিল্লোল, শিরিন বকুল, শিশুশিল্পী কাজী আরিশা, আকাশ রহমান, রাফি আহমেদ প্রমুখ।
Leave a Reply