খেলাধুলা ডেস্ক
আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্বের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা নেই পেসার তাসকিন আহমেদের। তবে আসন্ন বিপিএলে দুর্দান্ত ঢাকার সহঅধিনায়কের দায়িত্ব পালন করবেন তিনি। সেই তাসকিন চান একদিন দেশের ক্রিকেটে নেতৃত্ব দিতে।
শুক্রবার থেকে শুরু হচ্ছে বিপিএলের এবারের আসর। টুর্নামেন্টের একদিন আগে গণমাধ্যমে কথা বলেছেন দুর্দান্ত ঢাকার সহঅধিনায়ক তাসকিন। সেখানেই তার কাছে জানতে চাওয়া হয়, বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার বাসনা আছে কি না।
জবাবে তাসকিন বলেন, ‘অবশ্যই ইচ্ছা ও স্বপ্ন আছে। প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন থাকে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার। আমারও সেই স্বপ্ন আছে। ধাপে ধাপে এগোতে হয়। আমিও সেই অবস্থায় আছি। দেখা যাক ভবিষ্যতে কী হয়।’
দুর্দান্ত ঢাকার এবারের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। প্রত্যেকটি ম্যাচে তাকেও সাহায্য করার সুযোগ রয়েছে তাসকিনের সামনে। তাসকিন সাধ্যমতো অধিনায়ককে সহায়তা করতে চান। তিনি বলেন, ‘আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করবো সহযোগিতা করার। সবারই লক্ষ্য থাকবে ভালো করার। দলকে জেতানোর। আমারও লক্ষ্য থাকবে সেটাই।’
Leave a Reply