নিউজ ডেস্ক
প্রতি সপ্তাহেই র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আজ বুধবার আইসিসির এই হালনাগাদে দেখা যায়, এক ধাপ উন্নতি করেছেন বাংলাদেশি ব্যাটার লিটন দাস। যদিও গত সপ্তাহে কোনো টেস্ট ম্যাচই খেলেননি লিটন। বাংলাদেশিদের মধ্যে শীর্ষ বিশে থাকা একমাত্র ব্যাটার এখন লিটনই। ১৭তম স্থানে আছেন উইকেটকিপার এই ব্যাটার।
সবচেয়ে বেশি র্যাঙ্কিংয়ে পরিবর্তন হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের। বছরের শুরুতেই সিডনি টেস্ট এই প্রভাব ফেলেছে। এক ধাপ এগিয়ে দুই নম্বরে আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। যথারীতি শীর্ষে রবিচন্দ্রন অশ্বিন। যদিও রেটিংয়ে ব্যবধান অনেক কমিয়ে এনেছেন কামিন্স। অশ্বিনের ৮৬৩ রেটিং পয়েন্টের বিপরীতে কামিন্সের ৮৫৮।
সেরা দশে পরিবর্তন আরও হয়েছে। এক ধাপ নিচে নেমে দুই থেকে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার অবস্থান তিনে। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে শেষ টেস্টে ৮ উইকেট নেওয়া জাসপ্রিত বুমরাহ এক ধাপ এগিয়ে আছে চার নম্বরে। এক ধাপ নিচে নেমে রবীন্দ্র জাদেজা আছেন পাঁচে।
চার ধাপ এগিয়ে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের সঙ্গে যৌথভাবে সপ্তম স্থানে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড। বড় লাফ দিয়েছেন মোহাম্মদ সিরাজও। কেপ টাউনে দক্ষিণ আফ্রিকাার বিপক্ষে প্রথম ইনিংসে বিধ্বংসী বোলিংয়ে ৬ উইকেট তুলে নেওয়া এই পেসার ১৩ ধাপ এগিয়ে আছেন ১৭ নম্বরে। ৯ ধাপ এগিয়ে প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডির অবস্থান ২৮ নম্বরে।
দীর্ঘ এই সংস্করণে ব্যাটারদের মধ্যে শীর্ষ তিনে যথারীতি নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (৮৬৪), ইংল্যান্ডের জো রুট (৮৫৯) ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ (৮১৮)। তিন ধাপ এগিয়ে চারে মারনাস লাবুশেন। এক ধাপ নিচে নেমে পাঁচে কিউই ব্যাটার ড্যারিয়েল মিচেল। তিন ধাপ এগিয়ে ছয়ে বিরাট কোহলি। পরের স্থানগুলোতে যথাক্রমে- হ্যারি ব্রুক, বাবর আজম, উসমান খাজা ও রোহিত শর্মা।
Leave a Reply