পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তিতে তিনটি নতুন সাফল্য উন্মোচন করেছে ইরান। চিকিৎসা ও গবেষণামূলক প্রয়োগের পাশাপাশি জাতীয় পারমাণবিক নেটওয়ার্ক চালু করেছে দেশটি। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে তেহরান আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অর্জন তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এবং ইরানের পরমাণু শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি। অনুষ্ঠানে তিনটি নতুন উদ্ভাবন উপস্থাপন করে দেশটির নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট।
উদ্ভাবনগুলোর মধ্যে রয়েছে- মেটাস্ট্যাটিক মেলানোমা শনাক্তে ব্যবহৃত ডায়াগনস্টিক রেডিওফার্মাসিউটিক্যাল গ্যালিয়াম-৬৮, চিকিৎসায় ব্যবহারের জন্য লুটেটিয়াম-১৭৭ নামের একটি থেরাপিউটিক রেডিওফার্মাসিউটিক্যাল এবং হাড়ের ব্যথা চিকিৎসার জন্য সম্পূর্ণ স্বয়ংক্রিয় একটি যন্ত্র।
এছাড়া একই অনুষ্ঠানে ইরানের জাতীয় পারমাণবিক নেটওয়ার্কের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এই নেটওয়ার্কের লক্ষ্য হলো দেশজুড়ে পারমাণবিক খাতে গবেষণা সক্ষমতা বৃদ্ধি করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এইওআই প্রধান মোহাম্মদ ইসলামি বলেন, ইরানের পরমাণু শক্তি সংস্থা উদ্ভাবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং দ্রুত ধারণাকে বাস্তব পণ্যে রূপ দেয়ার ওপর জোর দিচ্ছে। তিনি জানান, ২০২৩ সালে একই প্রদর্শনীতে ইরান ৫০টি রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদনের কথা জানিয়েছিল, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৭০টিতে। পাশাপাশি এখন গবেষণাধীন রয়েছে আরও ২০টি রেডিওফার্মাসিউটিক্যাল।
সূত্র: মেহের
Leave a Reply