রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত। রোববার (২৮ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারিত ছিল।
তবে এদিন পরীমনির আইনজীবী আদালতকে জানান, আপীল বিভাগ থেকে মামলাটির ওপর স্থগিতাদেশ বিষয়ে শুনানি শেষ হয়েছে। স্থগিতাদেশের বিষয়ে আদেশ না হওয়া পর্যন্ত সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য আবেদন করেন আইনজীবী। আদালত সময় আবেদন মঞ্জুর করে পরবর্তী এ তারিখ ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এদিন পরীমণির পক্ষে তার আইনজীবী হাজিরা দেন। পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও খালু কবীর হাওলাদার আদালতে এসে হাজিরা দেন। গত ৯ জানুয়ারি পরীমণির মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন।
Leave a Reply