বাংলাদেশ ব্যাংকের কাছে এখনও আগের ছাপানো প্রায় ২০ হাজার কোটি টাকার নতুন নোট রয়েছে। এসব নোট পর্যায়ক্রমে বাজারে ছাড়া হবে। ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। এই নোটগুলোতে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে। এ ছাড়া এসব নোটে সই থাকছে পদত্যাগ করা গভর্নর আব্দুর রউফ তালুকদারের। তবে ঈদের পর এপ্রিল -মে মাসে ছাপানো নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। এরইমধ্যে নতুন নোটের ডিজাইন চূড়ান্ত করা হয়েছে।
অর্থাৎ ঈদুল আজহার সময় বাজারে যে নোট ছাড়া হবে, ওই নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। সেখানে বর্তমান গভর্নর ড. আহসান এইচ মনসুরের সই থাকবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমান গভর্নরের সইয়ে এপ্রিলের শেষভাগে বা মে মাসের প্রথমার্ধে আমরা নতুন নোট ছাড়বো বলে আশা করছি। তবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে বাজারে আসবে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট। এই নোটগুলো আগেই ছাপানো হওয়ায় এগুলোতে গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই ও শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে।
মুখপাত্র জানান, বাংলাদেশ ব্যাংকের কাছে এ মুহূর্তে বিপুল পরিমাণ আগের ছাপানো নোট রয়েছে। এ নোটগুলো বাতিল করলে বিপুল অঙ্কের অর্থের অপচয় হবে। কেন্দ্রীয় ব্যাংক এই অপচয় করতে চাচ্ছে না। এজন্য আগে ছাপানো নোটগুলোই ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ছাড়বে। এরপর আগামী এপ্রিল-মে নাগাদ নতুন ছাপা নোট বাজারে আসবে।
এদিকে বঙ্গবন্ধুর ছবি ছাড়া যে নোট তৈরি হবে, সেই নোটের ডিজাইন ঠিক করে কালি ও কাগজ কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। সাধারণভাবে সব প্রক্রিয়া শেষ করে নতুন নোট বাজারে আসতে ১৮ মাস সময় লাগে। আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে দ্রুততম সময়ে নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু করে বর্তমান সরকার।
গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন ডিজাইনের নতুন নোট প্রকাশের সিদ্ধান্ত অনুমোদন হয়েছিল। সিদ্ধান্ত অনুযায়ী, ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন পরিবর্তন করা হবে।
জানা গেছে, নতুন করে যুক্ত হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্যসহ ‘জুলাই বিপ্লবের গ্রাফিতি’। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এসব বিষয়ে চূড়ান্ত অনুমোদন হয়েছে।
Leave a Reply