নিউজ ডেস্ক:
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া সেই ব্যক্তিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
রবিবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ডিবি পুলিশের হাতে তুলে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
ডিবি পুলিশ উত্তরা বিভাগ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এছাড়া গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, কথিত উপদেষ্টা আরেফীকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে।
এর আগে শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আরেফী নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তার সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।
পরে ঢাকায় মার্কিন দূতাবাস থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মিয়ান আরাফি নাম বলা ওই ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্বাচনী উপদেষ্টা নন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কথা বলেন না। তিনি ব্যক্তিগতভাবে ওখানে গিয়েছেন।
পরে বিএনপি থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ওই ব্যক্তিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ইশরাক হোসেন চেনেন না।
Leave a Reply