বাংলাদেশের ক্রিকেটে এক যুগের ধারক-বাহক তামিম ইকবাল এবার সরে দাঁড়ালেন বিপিএল থেকে। টুর্নামেন্টের জন্মলগ্ন ২০১২ সাল থেকে যিনি ছিলেন নিয়মিত অংশগ্রহণকারী ও ধারাবাহিক পারফরমার, সেই তামিমই এবার নিজের নাম প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।
রোববার ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করে তামিম জানান, আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে তিনি থাকছেন না। ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ড্রাফটের আগে শাহরিয়ার নাফীসকে বিষয়টি জানিয়ে নাম প্রত্যাহারের অনুরোধ করেছেন তিনি।
তামিম বলেন, হ্যাঁ, আমি বিপিএলে খেলছি না। আমি অনুরোধ করেছি যেন আমার নাম ড্রাফট থেকে সরিয়ে দেওয়া হয়।
বিপিএলের প্রথম আসর থেকে শুরু করে গত এক যুগে প্রতিটি মৌসুমেই খেলেছেন তামিম। ব্যাট হাতে ধারাবাহিক পারফরমেন্সের পাশাপাশি নেতৃত্বেও দেখিয়েছেন দক্ষতার ছাপ। বিশেষ করে ফরচুন বরিশালের টানা দুই শিরোপা জয়ের পেছনে তার ভূমিকা ছিল অনস্বীকার্য।
গত বছরের মার্চে হৃদরোগজনিত সমস্যার পর তামিমের জীবনধারা ও ক্যারিয়ার নতুন নিয়মে বেঁধে গেছে। তিনি এখনও পুনর্বাসন ও স্বাস্থ্যসুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।
তামিম যে ফরচুন বরিশালের হয়ে খেলছিলেন, সেই ফ্র্যাঞ্চাইজি এবার স্বল্প প্রস্তুতির কারণ দেখিয়ে বিপিএলে অংশগ্রহণ থেকে সরে দাঁড়িয়েছে। ফলে তামিমের অংশগ্রহণ নিয়ে জটিলতা আরও বেড়েছে।
সাম্প্রতিক সময়ে ক্রিকেট প্রশাসনে যুক্ত হওয়ার ভাবনাও তামিমের মধ্যে দেখা গেছে। বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার উদ্যোগ নিয়ে পরে তিনি সরে দাঁড়ান, যেখানে তিনি অভিযোগ তোলেন “সরকারি হস্তক্ষেপ”-এর। এতে স্পষ্ট, মাঠের বাইরের ভাবনাও এখন তার বিবেচনায় গুরুত্বপূর্ণ জায়গা দখল করছে।
৩৬ বছর বয়সী এই ক্রিকেটার কবে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তা এখনও অনিশ্চিত। তবে বিপিএল থেকে তার সরে দাঁড়ানোটি নিঃসন্দেহে একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি। দেশের ক্রিকেটে অনুপ্রেরণাদায়ী ব্যাটার তামিম এখন সময় নিচ্ছেন নিজেকে নতুনভাবে প্রস্তুত করতে মাঠে হোক কিংবা প্রশাসনে, কিংবা দুই জায়গাতেই।
Leave a Reply