গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কয়েক ধাপে ১৩টি ভিন্ন ব্যাংকে প্রায় আড়াইশ কোটি টাকার এফডিআর (ফিক্সড ডিপোজিট রিসিপ্ট) সরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই অর্থ স্থানান্তর ঘিরে নানা গুঞ্জন ছড়ালে বিসিবি এক বিবৃতিতে তা অস্বীকার করে। এবার বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ জানান, অধিক মুনাফার লক্ষ্যে এবং ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে অর্থ সরাতেই বিসিবি এই পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, অর্থ স্থানান্তরের ক্ষেত্রে বিসিবির অভ্যন্তরীণ নিয়ম অনুসরণ করা হয়েছে কিনা, তা ক্রীড়া মন্ত্রণালয় খতিয়ে দেখবে।
ক্রীড়া উপদেষ্টা বলেন, বিসিবির আয়ের একটি বড় উৎস এফডিআরের সুদের হার। আগে যেখানে ৭-৮ শতাংশ মুনাফা পাওয়া যাচ্ছিল, নতুন ব্যাংকগুলোতে সেটা বেড়ে হয়েছে ১১-১২ শতাংশ। এছাড়া, তিনি জানান, যেসব ব্যাংক থেকে অর্থ সরানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী সেগুলো ঝুঁকিপূর্ণ ছিল এবং সেসব ব্যাংকের প্রতি হলুদ সংকেত দেওয়া হয়েছিল। তার ভাষায়, ‘কেউই চাইবে না নিজের অর্থ ঝুঁকিপূর্ণ ব্যাংকে রাখতে।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিসিবির অভ্যন্তরীণ নিয়ম ভঙ্গ হয়েছে কিনা, তা আমরা খতিয়ে দেখব। ফাইন্যান্স ডিরেক্টরের অনুমোদনসহ প্রক্রিয়াটি যথাযথ ছিল কিনা, সেটাও পর্যালোচনা করা হবে।’
Leave a Reply