নিউজ ডেস্ক:
বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ থাকার পরও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যর কীভাবে দেশ ছাড়লেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই ঘটনা ‘অন্যায়কারীদের ছাড় দেওয়া হবে না’ক্ষমতাসীন দলের নেতাদের এমন বক্তব্যকে নিছক লোকদেখানো ও প্রতারণা বলে প্রমাণ করে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় আজ শনিবার (১ জুন) মির্জা ফখরুল এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমি একটি গণমাধ্যমে দেখলাম, বেনজীর (সাবেক আইজিপি) ও তার পরিবার ৪ মে দেশ ছেড়ে সিঙ্গাপুরে গেছেন। যাওয়ার আগে তিনি তার সব ব্যাংক হিসাব খালি করে প্রায় ৬০ কোটি টাকা উত্তোলন করেন। টাকার পরিমাণ আরও বেশি কিনা জানি না।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমার প্রশ্ন, তিনি কীভাবে দেশ ছাড়লেন? সুতরাং তার সম্পদ বাজেয়াপ্ত ও ব্যাংক হিসাব জব্দ করার জন্য আদালতের আদেশ এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা দায়েরের পদক্ষেপের তাৎপর্য কী? যখন তাকে বলা হলো তাকে কোথাও যেতে দেওয়া হবে না, তখন তিনি কীভাবে সরকারের নাকের ডগার উপর দিয়ে সিঙ্গাপুর গেলেন?
বিএনপির মহাসচিব বলেন, ক্ষমতাসীন দলের নেতারাও মন্তব্য করেছেন, দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তারা (সরকার) কি মনে করেন সব মানুষই বোকা? বাংলাদেশের মানুষ অবিবেচক নয়, কারণ তারা বোঝে এগুলো আপনাদের লোকদেখানো ও প্রতারণা। আপনারা ছলচাতুরির আশ্রয় নিয়ে দেশ শাসন করছেন।’
Leave a Reply