অনলাইন ডেস্ক:
পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের লোক নন বলে স্পষ্ট করে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাদের অপরাধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিচার করার সাহস রাখে বলেও তিনি উল্লেখ করেন।
ওবায়দুল কাদের বলেন, আমরা পরিষ্কার বলে দিয়েছি, বেনজীর আমাদের দলের লোক নন। জ্যেষ্ঠতা ও মেধা নিয়ে তিনি আইজিপি হয়েছেন। আজিজও আমাদের দলের লোক নন। তিনি সেনাপ্রধান হয়েছেন তার যোগ্যতা ও জ্যেষ্ঠতা দিয়ে। আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, আর এটা যখন সরকারের কাছে আসে তখন এদের বিচার করার সৎ সাহস শেখ হাসিনা সরকারের আছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনাবাহিনী, র্যাব বা প্রশাসনের বড় পদে বসায়নি। বিএনপি আট জনকে পাশ কাটিয়ে নয় নম্বর ব্যক্তি মঈন ইউ আহমেদকে সেনাপ্রধান করেছে। বেগম খালেদা জিয়া এটা করেছেন। পুলিশের আশরাফুল হুদা, রকিবুল হুদা, এসপি কহিনুরের কথা মনে আছে? এরা কার সৃষ্টি?
তিনি বিএনপি ও দলটির নেতাকর্মীদের নিয়ে সমালোচনা করেন। বিএনপিকে দুর্নীতিবাজ বলে মন্তব্য করেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেককে নিয়েও সমালোচনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে, বিদেশে সর্বত্রই একজন সৎ রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তার সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
Leave a Reply