দীর্ঘ সাত বছর পর ভারত সফরে পাকিস্তান দল। সর্বশেষ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত গিয়েছিল তারা। এবার আরো একটি বিশ্বকাপ উপলক্ষে ভারতে খেলতে যাওয়ার সুযোগ হয়েছে। দুই দেশের রাজনৈতিক বৈরিতায় আইপিএল খেলার সুযোগ পান না পাকিস্তানি ক্রিকেটাররা।
ভারত গিয়ে পাকিস্তান দল সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল ২০১২ সালে। সে দলের কোনো ক্রিকেটার এবারের বিশ্বকাপ দলে নেই। এমনকি ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের মধ্যে শুধু মোহাম্মদ নেওয়াজ আছেন এবারের বিশ্বকাপে। বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর।
পাকিস্তানের প্রথম ম্যাচ ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে। ম্যাচটি হবে হায়দরাবাদে। পাকিস্তান বিশ্বকাপ শুরুর আগে যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে, তার ভেন্যুও হায়দরাবাদ। তাই পাকিস্তান থেকে সরাসরি এই শহরে ঘাঁটি গড়েছেন বাবর আজমরা।
জাতীয় দলের হয়ে প্রথমবার ভারত সফরে এসে মাঠের বাইরে সময়টা বেশ ভালোভাবে উপভোগ করছেন পাকিস্তানি ক্রিকেটাররা।
শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ একটি ভিডিও শেয়ার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে দেখা যায়, টিম বাসে করে হায়দরাবাদ শহর ঘুরে দেখছে পাকিস্তান দল। রাতে একটি হোটেলে ডিনার করেন ফখর জামান, ইমাম উল হকরা। হোটেলের প্রবেশপথে পাকিস্তানি ক্রিকেটারদের অভ্যর্থনা জানায় হোটেল কর্তৃপক্ষ।
Leave a Reply