নিউজ ডেস্ক
জানুয়ারীর শেষে আবারও আসছে শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবার এক বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, এ সময় তাপমাত্রা নামবে সর্বনিম্ন ১০ নিচে। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত থাকতে পারে শীত।
এদিকে ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। রংপুর বিভাগের অধিকাংশ জেলায় তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রির নিচে। কিশোরগঞ্জ এবং নওগাঁ জেলাসহ উত্তরের জেলাগুলোর ওপর দিয়ে চলমান এ শৈত্যপ্রবাহ আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে। দেশের অন্য অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহ না চললেও কয়েক জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
মধ্যরাত থেকে সারা দেশের কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের উত্তর-উত্তর-পূর্ব দিকে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল শুক্রবার ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরদিন শনিবার কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আগামী দুদিনে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়ার পূর্বাভাস রয়েছে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত ও বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে। চুয়াডাঙ্গায় সামান্য ও যশোরে ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
Leave a Reply