নিউজ ডেস্ক:
সব গুঞ্জন ছাপিয়ে প্রধান কোচ ও সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়সহ সব কোচিং স্টাফের সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বুধবার বিসিসিআইয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। তবে দ্রাবিড় ও অন্যান্য কোচিং স্টাফদের দ্বিতীয় মেয়াদে সময়সীমা জানায়নি বিসিসিআই।
বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ভারতীয় দলকে নতুন রূপে গড়ে তুলতে দ্রাবিড়ের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি এবং তার অনন্য পেশাদারিত্বকে বোর্ড সাধুবাদ জানাচ্ছে।
এদিকে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক রিপোর্টে জানিয়েছে, অন্তত ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত কোচ দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং বোলিং কোচ পারশ মামব্রসহ অন্য সাপোর্ট স্টাফরা থাকবেন।
ঘরের মাঠে সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের পরও শিরোপা জিততে পারেনি ভারত। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হেরেছে টিম ইন্ডিয়া।
বৈশ্বিক এই আসরের ফাইনালে ভারতের হারে গুঞ্জন উঠেছিল, মেয়াদ শেষ হওয়ায় ভারতের কোচ হিসেবে থাকতে আগ্রহী নন দ্রাবিড়। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও ভারতের দায়িত্ব পালন করবেন তিনি।
বিসিসিআই সভাপতি রজার বিনির মন্তব্য, দ্রাবিড়ের দর্শন, পেশাদারিত্ব এবং পরিশ্রম ভারতের সাফল্যের অন্যতম কারণ। ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালনের সময় সর্বদাই অত্যন্ত চাপে থাকতে হয় দ্রাবিড়কে। শুধু চ্যালেঞ্জ গ্রহণ করার জন্যই নয়, যেভাবে সাফল্য পেয়েছে; সেজন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই।
Leave a Reply