লজ্জার রেকর্ডে রোহিতকে টপকে গেলেন কোহলি

লজ্জার রেকর্ডে রোহিতকে টপকে গেলেন কোহলি

চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালের পর থেকে ২২৩ দিন জাতীয় দলের বাইরে ছিলেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরেছেন তিনি। আর মাঠে ফিরেই লজ্জার রেকর্ড গড়েছেন এই কিংবদন্তি ব্যাটার। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে প্রথমবারের মতো ‘ডাক’ আউট হয়েছেন কোহলি।

রোববার (১৯ অক্টোবর) পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ইনিংসের শুরুতে মিচেল স্টার্কের অফস্টাম্পের বাইরে পিচ করা বলে ড্রাইভ খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে পয়েন্টে দাঁড়ানো কুপার কনোলির হাতে ক্যাচ তুলে দেন কোহলি। খেলেছেন মাত্র ৮ বল।

অস্ট্রেলিয়ার মাটিতে ৩০ ওয়ানডে খেলে এবারই প্রথম শূন্য রানে ফিরলেন কোহলি। আর মিচেল স্টার্ক হয়ে গেলেন দ্বিতীয় বোলার, যিনি কোহলিকে একাধিকবার ‘ডাক’ দিয়েছেন, তার আগে এই কীর্তি গড়েছিলেন জেমস অ্যান্ডারসন।

এই আউটের মধ্য দিয়ে কোহলি ওয়ানডে ক্যারিয়ারে ১৭তম বারের মতো শূন্য রানে আউট হলেন। ফলে তিনি ছাড়িয়ে গেছেন রোহিত শর্মাকে (১৬ বার), এতদিন ভারতের হয়ে সর্বাধিক ‘ডাক’-এর তালিকায় কোহলির সঙ্গে সমান অবস্থানে ছিলেন তিনি।

ভারতের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হয়েছেন শচীন টেন্ডুলকার (২০ বার)। এরপর আছেন জাভাগল শ্রীনাথ (১৯), যুবরাজ সিং ও অনিল কুম্বলে (১৮ বার করে)। কোহলি এখন এই তালিকার চতুর্থ স্থানে, সমান ১৭টি ‘ডাক’ নিয়ে হরভজন সিংয়ের সঙ্গে।

ভারতের হয়ে চলতি বছরের ৯ মার্চ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে খেলেছিলেন রোহিত ও কোহলি। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন তারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে তরুণ শুভমান গিলের নেতৃত্বে খেলছেন ভারতের এই দুই কিংবদন্তি ব্যাটার। গুঞ্জন আছে, এটিই হতে পারে রোহিত-কোহলির শেষ ওয়ানডে সিরিজ।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme