সংসদ নির্বাচনও কয়েক ধাপে করতে চায় নির্বাচন কমিশন

সংসদ নির্বাচনও কয়েক ধাপে করতে চায় নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক:


স্থানীয় সরকার নির্বাচনের মতো জাতীয় সংসদ নির্বাচনও একাধিক দিনে ধাপে ধাপে করলে ব্যবস্থাপনা সহজ হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, তাহলে নির্বাচন ব্যবস্থাপনা অনেক সহজ হয়ে যাবে। ভোটকেন্দ্রে অধিক সংখ্যক ফোর্স মোতায়েন সহজ হবে। মনিটরিংটা সহজ হবে।

রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে টিআইবি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, কিছু কিছু ক্ষেত্রে তারা (টিআইবি) বলেছে যে, আমাদের দায়িত্ব পুরোপুরি পালন করছি না। নির্বাচন কমিশনার মো. আলমগীর আইনি সীমাবদ্ধতার কথা বলেছেন। টোটাল নির্বাচনী ব্যবস্থা নিয়ে কথা হয়েছে। নির্বাচনটা অংশগ্রহণমূলক হয়নি। তবে ফেয়ার হয়েছে। একটা দক্ষতার অভাব রয়েছে। সেটা তাঁরা জোর দিয়ে বলেছেন। আমরা বলেছি, আমাদের কাজ হচ্ছে নির্বাচন অবাধ, নিরপেক্ষ করা। আমরা বলেছি, সমস্যা অনেকটাই রাজনৈতিক। রাজনৈতিক সমস্যা নিরসন না হলে, নির্বাচন ব্যবস্থাটা স্টেবল হবে না। পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেলে নির্বাচনটা আরও সুন্দর হতে পারে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন যদি পদ্ধতিগতভাবে যদি উন্নয়ন করা যায়, ব্যক্তির ওপর নির্ভরতা কমিয়ে যেমন, একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস, আরেকটা হচ্ছে সিস্টেম অব ইলেকশন। আমরা বলেছি, তারাও বলেছেন, প্রপোরশনাল বলে একটা সিস্টেম আছে, আনুপাতিক হারে সংসদে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা, যেটা আমাদের সংসদে নারী আসনের ক্ষেত্রে আছে। আমরা বলেছি, এগুলো নিয়ে আপনারা গবেষণা করতে পারেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে যদি আপনারা বলতে পারেন ক্ষমতা থেকেও নির্বাচন অবাধ, নিরপেক্ষ করা যায়, যায় কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করে যদি কোনো গ্রহণযোগ্য প্রস্তাব পাস করতে পারেন সংসদ থেকে তাহলেও যে আপনারা বলছেন জনগণ অংশ নিচ্ছেন না, এগুলোও কমে আসবে।

সিইসি বলেন, ইভিএম নিয়ে অনাস্থা ছিল, এখনো আছে। ইভিএমে যে নির্বাচনগুলো হয়েছে, আজ পর্যন্ত কেউ বলেনি যে এখানের ভোট ওখানে চলে গেছে। আমরা এখন অনেক স্পষ্ট, এই মেশিনে সেটা একেবারেই অসম্ভব। তবে ইভিএমটাকে আরও সহজ করা যেতে পারে। মানুষের যদি আস্থা ফিরে তবে ভিভি প্যাডটা যদি লাগিয়ে দেওয়া যায়, তবে এটা আমরা বলতে পারি না, যদি দলগুলো একমত হয়। তাহলে আমরাও এগ্রি করব। নির্বাচনটাও অধিক সুষ্ঠু হবে। আজকে না হলেও ১০ বছর পরে, ১০ হাজার বছর পরে হলেও এই সমস্ত প্রযুক্তি লাগবে। এটা আমরা বলেছি।

সীমিত সামর্থ্যে চেষ্টা করি জানিয়ে সিইসি বলেন, আমাদের যে অনন্ত সক্ষমতা আছে, সেটা মোটেই না। নির্বাচন কমিশন কখনো একা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, যদি না রাষ্ট্র এবং সরকারের পলিটিক্যাল উইল সপক্ষে থাকে। রাষ্ট্রের যদি পলিটিক্যাল উইল সপক্ষে থাকে তাহলে প্রশাসন, পুলিশ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে বাধ্য।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme