নিউজ ডেস্ক:
‘পত্রিকা খুললেই লুটপাটের খবর, সরকার হাজার হাজার আজিজ-বেনজীর তৈরি করেছে’ বিএনপির এমন অভিযোগ সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ‘সরকার কোনো দুর্নীতিবাজকে পৃষ্ঠপোষকতা করছে না। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। দুর্নীতির জন্য সরকারকে ঢালাওভাবে অভিযোগ করার কোনো সুযোগ নেই।
সোমবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রের উচ্চ বা নিম্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা বা কোনো ব্যক্তি যদি অনিয়ম দুর্নীতি করেন তবে গোয়েন্দা সংস্থাগুলোর প্রথম কাজ হচ্ছে তাদের সম্বন্ধে সঠিক তথ্য সরকারকে দেয়া। এক্ষেত্রে গোয়েন্দাদের ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে।
বিএনপির উদ্দেশে হানিফ আরও বলেন, বিএনপির দুই শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমান দুর্নীতি, অর্থ পাচার, অর্থ কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত হয়ে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়েছে, সেই দলের নেতাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা মানায় না।
Leave a Reply