নিউজ ডেস্ক:
পরিশ্রম করে নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ফর্মে। টপ অর্ডারে হয়ে উঠেছেন বাংলাদেশ দলের আস্থার নাম। এই শান্তকে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ওয়ানডে ম্যাচে দেখা যাবে নতুন আরেক ভূমিকায়।
নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মঙ্গলবার বাংলাদেশ দলকে প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন শান্ত। সাকিব আল হাসান বিশ্রামে থাকায় এই সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে অন্তর্বর্তীকালীন অধিনায়ক ছিলেন লিটন দাস। শেষ ম্যাচ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে লিটনকে। যার ফলে শান্তকেই এই ম্যাচের জন্য অধিনায়কত্ব দিয়েছে বিসিবি।
ব্যাটিংয়ে দুর্দান্ত ফর্মে থাকা শান্ত জানিয়েছেন, সাকিবদের থেকে যা শিখেছেন এত দিন সেভাবেই অধিনায়কত্ব করতে চান তিনি। সোমবার সংবাদ সম্মলনে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমার মনে হয় একজন খেলোয়াড় হিসেবে আমার জন্য অনেক গর্বের ব্যাপার অধিনায়কত্ব করা। পাশাপাশি আমার পরিবারের সদস্যদের জন্য অনেক গর্বের ব্যাপার। আলহামদুলিল্লাহ, ক্রিকেট বোর্ড এই সুযোগ তৈরি করে দিয়েছেন খুবই রোমাঞ্চিত এবং কালকে উপভোগ করব ইনশা আল্লাহ।
শান্তর পছন্দ তাঁর অধিনায়ক সাকিবের নেতৃত্ব। মহেন্দ্র সিং ধোনিকে পছন্দ করেন।, ‘আমার সব সময় পছন্দের ক্রিকেটার সাকিব ভাই। এম এস ধোনিকে সবাই পছন্দ করে। সাকিব ভাইয়ের অধিনায়কত্ব বলেন, পরিকল্পনা, মাঠে সবাইকে নিয়ন্ত্রণ করা, আমি খুবই উপভোগ করি।’
জাতীয় দল ছাড়াও বিপিএলে সাকিবের অধীনে খেলেছিলেন শান্ত। সেই সূত্রে তিনি বলেছেন, ‘বিপিএলে তার (সাকিব) অধীনে খেলার সময় আমি অনেক কিছু শিখেছি। চেষ্টা করব আমার যা অভিজ্ঞতা আছে আর বড় ভাইদের থেকে যে জিনিস শিখেছি, মাঠে ছোট ছোটভাবে কাজে লাগাতে।’
নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে অবশ্য হার দেখে টিম টাইগার্স। তাই মঙ্গলবার সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ। নিশ্চিত শান্তও চাইবেন নেতৃত্বের অভিষেকটা জয় দিয়েই রাঙাতে।
Leave a Reply