নিউজ ডেস্ক:
জাতীয় সংসদের স্বতন্ত্র এমপিদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠক সঞ্চালনা করছেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি সংসদে যোগ দেওয়া, সংসদে তাদের ভূমিকা কী থাকবে এবং সংরক্ষিত নারী আসনসহ নানা বিষয় কথা হবে। এছাড়া স্বতন্ত্র এমপিদের জোট গঠন নিয়েও আলোচনা করা হতে পারে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এছাড়া জাতীয় পার্টি ১১টি এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে জয়লাভ করেছে। এর বাইরে এবার ৬২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে জিতেছেন। স্বতন্ত্র এমপিদের মধ্যে ৫৮ জনই সরাসরি আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তারা সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতা।
Leave a Reply