হজযাত্রীদের জন্য সুখবর দিলো সৌদি

হজযাত্রীদের জন্য সুখবর দিলো সৌদি

হজযাত্রীদের জন্য ভিসা ইস্যু শুরু করেছে সৌদি আরব। এ কার্যক্রম শুরু হয়েছে শুক্রবার (১ মার্চ) থেকে, যা চলবে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত। আগামী ৯ মে থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের হজযাত্রীরা হজের উদ্দেশে সৌদি আরবে যাওয়া শুরু করবেন।

এদিকে, অতীতে হাজিদের বাসস্থান নিয়ে বিভিন্ন অভিযোগ থাকায়, সেই সংকট সমাধানে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় সর্বোচ্চ মানের সেবা দিতে নতুন কর্মসূচি হাতে নিয়েছে।

এবার হজযাত্রীদের থাকার জন্য এরই মধ্যে মক্কায় ১ হাজার ৮৬০টি আবাসিক ভবনকে লাইসেন্স দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। আসন্ন হজ মৌসুমে এসব ভবনে থাকতে পারবেন প্রায় ১২ লাখ হজযাত্রী। খবর গালফ নিউজের।

গালফ নিউজের প্রতিবেদনে জানা যায়, আগামী ৮ মে পর্যন্ত ভবনের মালিকদের কাছ থেকে আরও লাইসেন্স আবেদন নেওয়া হবে। এতে চলতি বছর মক্কায় হজযাত্রীদের থাকার জন্য অনুমোদিত আবাসিক ভবনের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

এবারের হজ মৌসুমে নতুন নিয়ম ঘোষণা করেছে সৌদি। সৌদি আরবের পবিত্র স্থানগুলোতে আগের মতো দেশভিত্তিক নির্দিষ্ট স্থান বরাদ্দ দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির হজবিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ।

এর আগে, এবারের মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, অনুমতি ছাড়া হজ পালন করলে গুনতে হবে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকার সমান। এছাড়া যারা অনুমতিবিহীন ব্যক্তিদের মক্কায় পরিবহন করে ধরা পড়বেন, তাদেরও একই পরিমাণ অর্থ জরিমানা করা হবে।

দেশটির মন্ত্রণালয় আরও জানায়, যে প্রবাসী আইন ভঙ্গ করবেন, তাকে প্রথমে ছয় মাস কারাদণ্ড দেওয়া হবে। কারাভোগের পর তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। পরবর্তী ১০ বছর সৌদিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হবে। স্থানীয় সংবাদমাধ্যমে আইন ভঙ্গকারীদের পরিচয় প্রকাশ করা হবে, যাতে সবাই তাদের চিনতে পারেন।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র হজের মূল কার্যক্রম জুনের ১৪ তারিখে হতে পারে। এবছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজের কোটা থাকলেও এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৮৩ হাজার ১৫৫ জন।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme