ভারতে শতাধিক যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাটি দুপুর ১টা থেকে ২টার মধ্যে ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে মাটি থেকে ধূসর ধোঁয়ার ঘন কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। জানা গেছে, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানবন্দরের খুব কাছেই ভেঙে পড়ে। এতে পাইলট ক্রুসহ মোট ২৪২ জন আরোহী ছিলেন। তাদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।
বিমানটি ভেঙে পড়ার পরেই আগুন ধরে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অন্তত সাতটি ইঞ্জিন এবং প্রায় এক ডজন অ্যাম্বুলেন্স পৌঁছেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে তারা বিমানবন্দর এলাকা থেকে বেশ কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন। গুজরাট রাজ্য পুলিশ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সর্দার বল্লভভাই প্যাটেল আহমেদাবাদ বিমানবন্দরে উড্ডয়নের সময় এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হয়। পুলিশ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৭১ লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
Leave a Reply