বিসিবির নোটিশের জবাব দিলেন হাথুরুসিংহে

বিসিবির নোটিশের জবাব দিলেন হাথুরুসিংহে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল বুধবার (১৬ অক্টোবর) সিইও নিজামউদ্দিন চৌধুরীকে ই-মেইলে জবাব পাঠিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করে হাথুরু জানান, আইনজীবীর মাধ্যমে উত্তর দিয়েছেন। তবে চিঠিতে কি লেখা রয়েছে তা তিনি বলেননি।

গত মঙ্গলবার (১৫ অক্টোবর) টাইগারদের সাবেক এই কোচকে কারণ দর্শানোর নোটিশসহ বরখাস্ত করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সবশেষ ওয়ানডে বিশ্বকাপ চলাকালে চেন্নাইয়ের ড্রেসিংরুমে বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ তার বিরুদ্ধে। গুঞ্জন বাঁহাতি এ স্পিনার নিজেই জাতীয় দল সতীর্থদের কাছে হেনস্তা (চপেটাঘাত) হওয়ার কথা বলেছেন।

বিশ্বকাপ শেষে বিষয়টি মিডিয়ায় প্রকাশ পাওয়ায় পারফরম্যান্স মূল্যায়ন কমিটিকে দায়িত্ব দেয়া হয় ঘটনার সত্যতা যাচাই করতে। এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বে তিন সদস্যের কমিটি কোচের বিরুদ্ধে কোনো দোষ খুঁজে পায়নি বলে তখন জানিয়েছিলেন বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন।

কিন্তু বর্তমান সভাপতি ফারুকের দাবি, রিপোর্টে নাসুমকে আঘাত করার বিষয়টি রয়েছে এবং তিনি নিজেও তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছেন। বাস্তবতা হলো, পারফরম্যান্স মূল্যায়ন কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনছেন না ফারুক। ফলে বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ হাথুরুসিংহে প্রথম থেকেই বলে আসছেন, এমন কোনো কিছু ঘটেনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme