বিপিএলের আগেই মাঠে ফিরছেন তামিম

বিপিএলের আগেই মাঠে ফিরছেন তামিম

তামিম ইকবাল আন্তর্জাতিক ম্যাচে শেষবার খেলেছিলেন গত ওয়ানডে বিশ্বকাপেরও আগে। এরপর গত মে-তে ঢাকা প্রিমিয়ার লিগে সর্বশেষ ব্যাট হাতে নেমেছিলেন। সব মিলে প্রায় ৬ মাস ধরে ক্রিকেটের বাইরে অভিজ্ঞ ওপেনার। তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। কিন্তু এতটুকু নিশ্চিত হওয়া গেছে ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর আগে ক্রিকেটে ফিরছেন তিনি।

মাঠে ফেরার লড়াইয়ে ঘাম ঝরাতে শুরু করেছেন তামিম। গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিত অনুশীলন করছিলেন। সব কিছুই করছেন বিপিএলকে সামনে রেখে। তবে বিপিএলের আগে জাতীয় লিগের দলগুলো নিয়ে টি-টোয়েন্টি একটি টুর্নামেন্ট হবে। আগামী ডিসেম্বরের ১১ তারিখে সেটি মাঠে গড়ানোর কথা। আসন্ন এই টি-টোয়েন্টি লিগ দিয়ে মাঠে ফিরছেন বলে জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক প্যানেলের সদস্য হান্নান সরকার।

বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হান্নান সরকার বলেছেন, ‘তামিম খেললে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবে। টি-টোয়েন্টি সংস্করণে সে খেলবে। কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে- এই বিষয়গুলোর জন্য আমাদের হাতে আরও সময় আছে। এর আগে আমরা আলোচনা করবো। তবে হ্যাঁ, এনসিএল টি-টোয়েন্টি খেলার ব্যাপারে সে আগ্রহ প্রকাশ করেছে।’

অবশ্য তামিম খেলতে চাইলেই হবে না। সেজন্য তাকে দিতে হবে ফিটনেস টেস্ট। এ প্রসঙ্গে নির্বাচক হান্নান সরকার বলেছেন, ‘ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে। এটা আমাদের খুবই মৌলিক মানদণ্ড। ফিটনেস টেস্টে সে অবতীর্ণ হবে। একটা লক্ষ্যমাত্রা থাকবে, সেটা স্পর্শ করতে হবে। কিছু কিছু সিনিয়র ক্রিকেটারের ক্ষেত্রে আমরা ফিটনেস টেস্টের মানদণ্ড স্পর্শ না করলেও তাদের সুযোগ দিয়েছি। তারা সিনিয়র ক্রিকেটার দেখে এমনটা হয়েছে। তামিমকেও এই মানদণ্ডের ভেতর দিয়ে আসতে হবে।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme