ইনজুরির কারণে লম্বা সময় ধরে মাঠের বাহিরে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ক্লাব ফুটবলে নেইমারকে পাওয়াই যাচ্ছে না। এমতবস্থায় চলতি মাসের জুনে সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে নেইমারের।
অনেক দিন ধরেই গুঞ্জন রটেছে সৌদি ছাড়বেন নেইমার। এবার মধ্যপ্রাচ্যের দেশটি ছাড়তে যাচ্ছেন ব্রাজিলের এই তারকা। সৌদি লিগে চুক্তি আর নবায়ন করছেন না তিনি।
সৌদি পর্ব চুকিয়ে কোথায় যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা, এবার মিলল সেই উত্তর। মেসিদের ক্লাব ইন্টার মায়ামিতে নয় শৈশবের সান্তোসে ফিরছেন এই তারকা ফুটবলার।
সোমবার (২৭ জানুয়ারি) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, মোটা অঙ্কের বেতন ছাড়ে বার্সায় ফিরতে চেয়েছিলেন নেইমার, তবে কাতালান ক্লাবটি তার প্রতি আগ্রহ দেখায়নি। নেইমার তাই শৈশবের ক্লাব এবং নিজের প্রথম ক্লাব সান্তোসে ফিরছেন। সান্তোসে যোগ দেয়ার বিষয়ে মৌখিকভাবে সম্মত হয়েছেন নেইমার।
জানা গেছে, ব্রাজিলে ফিরলেও মোটা অঙ্কের বেতন ছাড় দিতে হচ্ছে নেইমারকে। সূত্রমতে, আল হিলালের সঙ্গে বাকি চুক্তি বাতিল হতে পারে নেইমারের। কীভাবে বাতিল হবে এবং দেনা-পাওনার কী সমাধান হবে ইত্যাদি বিষয়ে দুই পক্ষ এখনও আলোচনা করছে।
নেইমারের ক্লাব ছাড়ার বিষয়ে আল হিলাল কোচ হোর্হে জেসুস বলেন, নেইমার সৌদি প্রো লিগে খেলার পর্যায়ে নেই। যে কারণে মৌসুমের দ্বিতীয় অর্ধে অর্থাৎ শীতকালীন দলবদলের বাজারেও তাকে নিবন্ধন না করার সিদ্ধান্ত নেন এই কোচ। নেইমারের সামনে তাই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া খেলার সুযোগ থাকছে না। যে কারণে আল হিলাল ছাড়ছেন তিনি।
২০১৭ সালের গ্রীষ্মে পিএসজির কাছে ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে বিক্রি করেছিল বার্সা। যা ফুটবলবিশ্বে এখনও বড় চুক্তিগুলোর একটি। পরে ফ্রান্স ছেড়ে তিনি যোগ দেন সৌদি ক্লাব আল হিলালে। সেখানে চোটের কারণে লম্বা সময় ছিলেন মাঠের বাইরে। ব্রাজিলের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম সেরা প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে নেইমারের সান্তোসে ফেরাকে।
Leave a Reply