গুঞ্জন শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়াবেন না ভিনিসিয়ুস জুনিয়র। সৌদি আরবে পাড়ি জমাতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা। যদিও তা স্রেফ গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন ভিনি। তারপরও এই ইস্যুতে প্রশ্ন করা হয়েছিল রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে। এতেই বিরক্তি প্রকাশ করেছেন রিয়াল কোচ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে লা লিগার ম্যাচে ওসাসুনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আসা আনচেলত্তির কাছে জানতে চাওয়া হয় ভিনির চুক্তির বিষয়ে। এ সময় রিয়াল কোচ বলেন, ‘বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে। আমি কি এই ইস্যুতে বিরক্ত? হ্যাঁ। আমি কি এ নিয়ে চিন্তিত? না। আমি কি তাকে (ভিনি) সুখী দেখছি? হ্যাঁ।’
আনচেলত্তি আরও বলেন, ‘আমরা তাকে নিয়ে খুশি। এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে যা বলেছিলাম, এই ইস্যুতে বাড়তি কিছুই যোগ করার নেই আমার। এই বিষয় নিয়ে আমরা কথা বলি না, সেও বলে না। তাকে আমি সেই পুরান ভিনিসিয়ুসের রূপেই দেখছি, যে সবকিছু ঠিকঠাক করতে ভীষণ আগ্রহী এবং সে গত ম্যাচে খুব ভালোভাবে তা করেও দেখিয়েছে।’
চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দারুণ জয় পেয়েছে রিয়াল। যেখানে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ভিনি। এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘আমি তাকে খুবই অনুপ্রাণিত দেখি। বিশেষ করে, সিটির বিপক্ষে সবশেষ ম্যাচে তার পারফরম্যান্সের কারণে। যেখানে সে ভীষণ চাপে ছিল এবং সে চাপ দারুণভাবে সামলেছে, ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে।’
সৌদি আরব থেকে ভিনির প্রস্তাব পাওয়া প্রসঙ্গে রিয়াল বস বলেন, ‘সে (সৌদি আরবের) প্রস্তাব পেয়েছে, নাকি পায়নি- আমি যেটা দেখি, সেটা নিয়ে বলতে পারি। আমি দেখছি, একজন সুখী খেলোয়াড়, যে কিনা কাজগুলো ঠিকভাবে করতে এবং এই ক্লাবের হয়ে ইতিহাস গড়তে চায়।’
Leave a Reply