বিশ্বকাপ বাছাইয়ে চলতি মাসেই দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। যে দুই ম্যাচের প্রতিপক্ষ উরুগুয়ে ও ব্রাজিল। ম্যাচ দুটিকে ঘিরে আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে ছিলেন লিওনেল মেসি। কিন্তু ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন তিনি। মূলত ইনজুরির কারণেই বিশ্বকাপজয়ী মহাতারকার ছিটকে পড়া।
সোমবার (১৭ মার্চ) আসন্ন এই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। যেখানে মেসি ছাড়াও নেই প্রাথমিক দলে থাকা আরও ৬ ফুটবলার বাদ পড়েছেন। তারা হলেন- গঞ্জালো মন্টিয়েল, লিওনেল মেসি, ফ্রান্সিসকো ওর্তেগা, জিওভানি লো সেলসো, আলেহান্দ্রো গারনাচো, ক্লদিও এচেভেরি ও পাওলো দিবালা।
চোট শঙ্কায় ইন্টার মায়ামির হয়ে প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন মেসি। এ সময়ে তিনি মিস করেন মায়ামি জার্সিতে তিন ম্যাচ। গত শুক্রবার ক্যাভালিয়েরের বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে দুর্দান্ত এক গোলও করেন এলএমটেন। দলও পায় ২-০ গোলের সহজ জয়।
এরপর গতকাল আটলান্টার বিপক্ষে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে শুরুর একাদশে ফিরেও দারুণ এক গোল করেন লিও। তাতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের শ্বাসরুদ্ধকর জয় পায় মায়ামি। ওই ম্যাচেই নতুন করে অস্বস্তি বোধ করেন মেসি। যার ফলে জাতীয় দল থেকে নাম প্রত্যাহার করেছেন আট ব্যালন ডি’অরজয়ী ও আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও দুই কোপা আমেরিকা জয়ী অধিনায়ক।
এদিকে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে খেলতে না পারায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে সমর্থকদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন লিওনেল মেসি। সেখানে তিনি লিখেন, জাতীয় দলের জার্সিতে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করায় আমি খুবই হতাশ। আমি সত্যিই খুব করে খেলতে চেয়েছিলাম। কিন্তু ছোট একটা ইনজুরিতে পড়ায় আমাকে বিশ্রামে থাকতে হবে। আমি দলের সঙ্গে থাকতে পারবো না। তবে একজন ভক্ত হিসেবে দলকে সমর্থন করবো এবং গলা ফাঁটাবো। এগিয়ে যাও আর্জেন্টিনা।
এখন পর্যন্ত কনমেবল অঞ্চলে বিশ্বকাপের বাছাইয়ে ১২ ম্যাচে ৮ জয়ে ২৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আর্জেন্টিনা। তবে সাম্প্রতিক সময়টা আর্জেন্টনার খুব একটা ভাল কাটছে না। নিজেদের সবশেষ ৫ ম্যাচের ২টিতেই হারতে হয়েছে তাদের। ১ ম্যাচে ছিল ড্র। বাকি দুই ম্যাচ তারা জিতেছে ঘরের মাঠে। প্রতিপক্ষের মাঠে সবশেষ ৩ ম্যাচ থেকে আর্জেন্টিনার নেই কোনো জয়। ড্র করেছে ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচে।
Leave a Reply