নিউজ ডেস্ক
রাজধানীর রমনা ও পল্টন মডেল থানার আরও দুই মামলায় জামিন পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ নিয়ে ১০ মামলার মধ্যে আট মামলায় তার জামিন মঞ্জুর করেছেন আদালত।
রবিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। এ ছাড়া রমনা ও পল্টন থানার দুই মামলায় আমীর খসরুর অধিকতর জামিন শুনানির জন্য আগামী বুধবার দিন ধার্য করেছেন আদালত।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আজ এই মামলার দিন ধার্য করেন। আজ রমনা থানার দুই ও পল্টন মডেল থানার দুই মামলায় শুনানি শেষে দশ হাজার টাকা মুচলেকায় আমীর খসরুর জামিন মঞ্জুর করেন। পরে আরও চার মামলায় শুনানির জন্য আজ দিন ধার্য করেন আদালত। তার বিরুদ্ধে করা ১০ মামলার মধ্যে আট মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। বাকি দুই মামলায় জামিন পেলে আমীর খসরুর কারামুক্তিতে বাধা থাকবে না বলে জানিয়েছেন তার আইনজীবী।
গত বুধবার পল্টন মডেল থানার পৃথক দুই মামলায় দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
জানা গেছে, ২৮ অক্টোবরের ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মোট ১০টি মামলা হয়। দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ জন্য অপর আট মামলায় গ্রেপ্তার দেখানোসহ জামিন চেয়ে আবেদন করা হয়েছে। এর মধ্যে রমনা মডেল থানায় চার এবং পল্টন মডেল থানায় চারটি মামলা রয়েছে।
গত ২ নভেম্বর রাত পৌনে ১টার দিকে গুলশান ৮১ নম্বর রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এরপর পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত ৩ নভেম্বর তাকে আদালতে হাজির করা হয়। এ মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ১০ নভেম্বর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Leave a Reply