নিউজ ডেস্ক:
সাংবাদিক সাগর ও রুনি দম্পতি হত্যার অবিলম্বে বিচার দাবি করেছেন সাংবাদিকরা। তারা বলছেন, ১২ বছরেও মামলার তদন্ত শেষ না হওয়া অত্যন্ত লজ্জার। তদন্তকারী সংস্থা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। পিবিআই বা অন্য সংস্থাকে তদন্তের দায়িত্ব দিয়ে অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
রবিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে সাগর-রুনির হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা এ দাবি জানান।
ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ বলেন, সাংবাদিকদের হত্যার বিচার হয় না। অবিলম্বে সাগর-রুনি হত্যার বিচার করতে হবে, দোষীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এতদিনেও বিচার করতে না পারায় আইনশৃঙ্খলাবাহীনির যোগ্যতা-দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারেরও করার দাবী জানান তিনি।
বক্তারা বলেন, সাংবাদিকদের হত্যা করা হলেও তার বিচার হচ্ছে না। সাগর-রুনির হত্যা তদন্ত নিয়ে আইনমন্ত্রী আনিসুল হক কান্ডজ্ঞানহীন ও দায়িত্বহীন বক্তব্য দিয়েছেন। এমন বক্তব্য তিনি দিতে পারেন না। এমন বক্তব্য দেওয়ার জন্য আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। তদন্তকারী সংস্থা র্যাব ব্যর্থ হলে অন্য সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে আরও কঠোর কর্মসূচি দেয়ার দাবি জানানো হয়।
প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি দম্পতি। এরপর গত ১২ বছর ধরে এই হত্যার বিচারের দাবিতে আন্দোলন করে আসছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ১০৫ বার পিছিয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি আবারও দিন ধার্য করা হয়েছে।
Leave a Reply