খেলাধুলা ডেস্ক:
বিপিএলের দশম আসরে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে খেলার লক্ষ্যে দলের সঙ্গে গতকাল অনুশীলনে যোগ দেন মুস্তাফিজুর রহমান। কিন্তু এদিন মাঠে বড় দুর্ঘটনার শিকার হন এই বাঁহাতি পেসার।
রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে কুমিল্লা অনুশীলন করছিল। মুস্তাফিজ নেটে বোলিং করার সময়ই এ ঘটনা ঘটে। অন্যান্য দিনের মতোই এদিন অনুশীলন শুরু করেন ফিজ। নিজের চিরচেনা ছন্দে বোলিং করছিলেন তিনি। অপর আরেক নেটে ব্যাটিং করছিলেন ক্যারিবিয়ান তারকা ম্যাথিউ ফোর্ড। একটি ডেলিভারি করে যখন আরেকটি ডেলিভারির জন্য ফিজ ফিরে যাচ্ছিলেন, তখনই ওয়েস্ট ইন্ডিজ তারকার হিট করা বল সরাসরি আঘাত হানে মুস্তাফিজের মাথার পেছনের দিকে।
বলের আঘাতে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন মুস্তাফিজ। পড়ে যাওয়ার পর মাঠেই অনেকক্ষণ প্রাথমিক চিকিৎসা দেয়া হয় মুস্তাফিজকে। যদিও সেবা পেয়ে উঠে দাঁড়াতে পারেননি তিনি। যার কারণে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। পরে এপোলো ইম্পেরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।
মুস্তাফিজ কবে দলের সঙ্গে যোগ দেবেন কিংবা কবে মাঠে ফিরতে পারবেন এ নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটপ্রেমীদের। অভিজ্ঞ এই পেসারকে নিয়ে সুখবরই দিয়েছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। সিলেট-কুমিল্লা ম্যাচ শুরুর আগে তিনি জানান, আজ রাতেই দলের সঙ্গে যোগ দেবেন ফিজ।
লিটন বলেন, ‘মুস্তাফিজ ভালো আছে। এখনো হাসপাতালে আছে। আশা করছি রাতে হোটেলে দলের সঙ্গে যুক্ত হবে।’ মুস্তাফিজ ইস্যুতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ডিউটি ডাক্তাররা বলেছে, মুস্তাফিজ এখন অনেকটা ভালো আছে। যদি আজ হাসপাতাল থেকে ছেড়ে দেয় তাহলে আমার মনে হয় দলের সঙ্গেই চলে যাবে।’
Leave a Reply