অনলাইন ডেস্ক:
মৌসুম শেষেই পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপ্পে। নতুন ঠিকানা কোথায় বেছে নিয়েছেন সেটা অবশ্য জানাননি তিনি। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, রিয়াল মাদ্রিদেই যোগ দিতে যাচ্ছেন ফরাসি ফরোয়ার্ড। যে কারণে এমবাপ্পেকে ছাড়াই খেলার অভ্যাস করার চেষ্টা করছে পিএসজি।
গত রাতে রেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। ম্যাচে শুরু থেকে মাঠে ছিলেন এমবাপ্পে। ৩৩ মিনিটেই পিছিয়ে পড়ে পিএসজি। রেনেকে এগিয়ে নেন আমিনে গৌইরি। ১ গোলে পিছিয়ে থাকা সত্ত্বেও ম্যাচের ৬৫ মিনিটে এমবাপ্পেকে তুলে নেন লুই এনরিকে। যদিও শেষ মুহূর্তে গনসালো রামোসের গোলে হার এড়িয়েছে পিএসজি।
দল পিছিয়ে ছিল এমন পরিস্থিতিতে সেরা তারকাকে তুলে নেওয়ার কারণে প্রশ্ন উঠেছে। তবে এর ব্যাখ্যা দিয়েছেন পিএসজি কোচ লুই এনরিকে, ‘কিলিয়ানকে (এমবাপ্পে) ছাড়া খেলতে অভ্যাস করতে হবে আমাদের।
কোনো না কোনো সময় সে দল ছেড়ে চলেই যাবে। সে খেলবে নাকি খেলবে না সেটা আমি বিবেচনা করব। যেমনটা সব কোচ তাঁদের খেলোয়াড়দের সঙ্গে করেন।’
স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর, এরই মধ্যে এমবাপ্পের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে রিয়াল। জুলাইয়ের ১ তারিখ থেকেই রিয়ালের খেলোয়াড় হয়ে যাবেন এমবাপ্পে।
আগামী জুনের ৩০ তারিখে শেষ হচ্ছে পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি। নতুন করে আর চুক্তি নবায়ন করেনি উভয় পক্ষ। তাই এমবাপ্পেকে দলে নিতে কোনো ট্রান্সফার ফি গুনতে হচ্ছে না রিয়ালকে। তবে বেতন ও বোনাস বাবদ বিশাল অঙ্ক গুনতে হবে লস ব্লাংকোদের। অবশ্য পিএসজির সমান বেতন রিয়ালে পাবেন না এমবাপ্পে। স্পেনের ক্রীড়াভিত্তিক দৈনিক মার্কা বলছে, ফরাসি তারকার সঙ্গে রিয়ালের চুক্তি হতে যাচ্ছে পাঁচ বছরের।
Leave a Reply