নিউজ ডেস্ক:
রাজধানীতে অগ্নিঝুঁকিপূর্ণ ভবনের দৃশ্যমান স্থানে সাইনবোর্ড টাঙানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া রাজধানীর সব ভবনে অগ্নিপ্রতিরোধ ব্যবস্থা আছে কিনা, তা খতিয়ে দেখতে কমিটি গঠন করে দেওয়া হয়েছে।
সেইসঙ্গে আইন অনুসারে পদক্ষেপ না নেওয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
তদন্ত কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের একজন পরিচালক, বুয়েটের একজন প্রতিনিধি ও রাজউকের প্রতিনিধি থাকবে। কমিটিকে চার মাসের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সোমবার এ সংক্রান্ত পৃথক দুটি রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এমন আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত জাহান সান্তনা ও ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত বলেন, আইনে অগ্নিকাণ্ড প্রতিরোধে পদক্ষেপগুলোর কথা উল্লেখ আছে। সেগুলো যথাযথভাবে নেওয়া হচ্ছে না। কমিটিকে রাজধানীর সব ভবনে অগ্নিপ্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা আছে কিনা, তা খতিয়ে দেখা এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতে কী কী ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে সুপারিশ করতে বলা হয়েছে।
এছাড়া অগ্নিঝুঁকিপূর্ণ ভবনগুলোতে দৃশ্যমান স্থানে নোটিশ টানাতেও বলা হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply